সপ্তাহের শুরুতে ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার
সপ্তাহের প্রথম দিন আজ রোববার ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনও বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে। এ নিয়ে টানা পাঁচ দিন পর সূচক ও লেনদেন বাড়ল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন বৃহস্পতিবারের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫০২ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস সূচক ১১ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ২২ পয়েন্ট বেড়েছে।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮১০ পয়েন্টে।
এর আগে বৃহস্পতিবার ডিএসইর ডিএসইএক্স সূচক কমেছিল ২ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছিল ৩৫ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬০টির দাম বেড়েছে। কমেছে ১১০টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৩৬২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিন বৃহস্পতিবারের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই স্টক এক্সচেঞ্জে ৩৪৬ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৭টির দাম বেড়েছে। কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার সিএসইতে ৩৫ কোটি টাকা লেনদেন হয়।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষ অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। আজ প্রতিষ্ঠানটির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, অলিম্পিক অ্যাকসেসরিজ, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো, এএফসি অ্যাগ্রো, গ্রামীণ ফোন, ইফাদ অটোস, কেপিসিএল প্রভৃতি।