সপ্তাহের শুরুতে কমল সূচক
সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের নিম্নগতিতে দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকে নিম্নমুখী এই প্রবণতা। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে ৭৫৩ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৯৬৩ পয়েন্টে।
এর আগে আজ সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে সূচক ২৮ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। গত বৃহস্পতিবার ডিএসইতে সূচক কমেছিল ২১ পয়েন্ট।
আজ ডিএসইতে ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টির দাম বেড়েছে, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৭৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে ৫৯ কোটি টাকা বেশি। আগের দিন এ বাজারে ৬৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে ৫১ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসইতে) সূচক কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৩৩৬ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৫টির দাম বেড়েছে, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এ বাজারে ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে ডেসকো
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে ডেসকো। আজ প্রতিষ্ঠানটির ৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যমুনা অয়েল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরএসআরএম স্টিল, সাইফ পাওয়ারটেক, ওরিয়ন ইনফিউশন, বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিকস, এমজেএল বিডি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রভৃতি।