সপ্তাহের শুরুতে দরপতন পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম দিন আজ রোববার আবারও দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। আজকের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৩৭ শতাংশ কমে, সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১ দশমিক ৬১ শতাংশ। সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দুই স্টক এক্সচেঞ্জে।
বাজার সংশ্লিষ্ট লোকদের ধারণা, প্রস্তাবিত বাজেটকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের প্রত্যাশা সৃষ্টি হয়েছিল। এ কারণে দেশের শেয়ারবাজারে টানা ইতিবাচক প্রবণতা দেখা যায়। ডিএসইর প্রধান সূচক ৪ হাজার পয়েন্ট থেকে ৪ হাজার ৬০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। এ অবস্থায় অনেকে শেয়ার বিক্রি করে দেওয়ায় বাজারে শেয়ার বিক্রির চাপ বেশি ছিল। যে কারণে দরপতনের এ ঘটনা ঘটে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারের চেয়ে ৬১ পয়েন্ট কমে সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নেমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৩ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস প্রায় ১২ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক প্রায় ২৪ পয়েন্ট কমেছে।
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ২২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৮১ পয়েন্টে।
আগের দিন বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক কমেছিল ৪১ পয়েন্ট। আর সিএইর সার্বিক মূল্যসূচক কমেছিল প্রায় ১০৯ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৮ টিরই দাম কমেছে। বেড়েছে ৬৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে ৩৫৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি টাকা কম। আগের দিন বৃহস্পতিবার এই স্টক এক্সচেঞ্জে ৪৫০ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮২ টিরই দাম কমেছে। বেড়েছে ৩৭ টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিন বৃহস্পতিবারের চেয়ে আট কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৪৫ কোটি টাকা লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণ ফোন। আজ প্রতিষ্ঠানটির ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, কেপিসিএল, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ফ্যামিলি টেক্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।
এশিয়া ইনস্যুরেন্সের লভ্যাংশ: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া ইনস্যুরেন্স লিমিটেড তাদের শেয়ারধারীদের জন্য ১০ লভ্যাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ জুলাই অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২১ জুন।
প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা।