সপ্তাহের শুরুতে দরপতন পুঁজিবাজারে
পতনের মধ্য দিয়ে গত সপ্তাহ শেষ হওয়ার ধারাবাহিকতায় নতুন সপ্তাহের প্রথম দিন গতকাল রোববারও শেয়ারের মূল্যসূচক কমেছে দেশের পুঁজিবাজারে।
এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৩৭ শতাংশ কমে সাড়ে ৪ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১ দশমিক ৬১ শতাংশ। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে দুই স্টক এক্সচেঞ্জে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেট সামনে রেখে সম্প্রতি বিনিয়োগকারীদের মধ্যে একধরনের প্রত্যাশা সৃষ্টি হয়েছিল। এতে দেশের শেয়ারবাজারে টানা ইতিবাচক প্রবণতা দেখা গিয়েছিল। ডিএসইএক্স চার হাজার পয়েন্ট থেকে ৪ হাজার ৬০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। এখন আবার বাজারে শেয়ার বিক্রির চাপ তৈরি হয়েছে। যে কারণে দরপতন ঘটছে।
ডিএসইর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী বলেন, প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য যে ঘোষণা এসেছে, তা ইতিবাচক। তবে এই মুহূর্তে বাজারে বিক্রির চাপ রয়েছে, যা এসেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সিঙ্গেল পার্টি এক্সপোজার ও ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সমন্বয়ের চাপও রয়েছে। এ কারণেই তারা হয়তো শেয়ার বিক্রি করে দিচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স গত বৃহস্পতিবারের চেয়ে ৬১ পয়েন্ট কমে সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নেমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৩ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস প্রায় ১২ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক প্রায় ২৪ পয়েন্ট কমেছে।
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। গতকাল সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৮১ পয়েন্টে।
আগের দিন বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক কমেছিল ৪১ পয়েন্ট। আর সিএইর সার্বিক মূল্যসূচক কমেছিল প্রায় ১০৯ পয়েন্ট।
ডিএসইতে গতকাল ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ২১৮টিরই দাম কমেছে। বেড়েছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম। গতকাল ডিএসইতে ৩৫৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি টাকা কম। গত বৃহস্পতিবার এই স্টক এক্সচেঞ্জে ৪৫০ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে গতকাল ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ১৮২টিরই দাম কমেছে। বেড়েছে ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম। সিএসইতে গতকাল ৩৭ কোটি টাকার লেনদেন হয়, যা বৃহস্পতিবারের চেয়ে আট কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৪৫ কোটি টাকা লেনদেন হয়।
গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল গ্রামীণফোন। এদিন কোম্পানিটির ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, কেপিসিএল, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ফ্যামিলি টেক্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
এশিয়া ইনস্যুরেন্সের লভ্যাংশ: বিমা খাতের কোম্পানি এশিয়া ইনস্যুরেন্স লিমিটেড শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১১ জুলাই অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২১ জুন।
কোম্পানিটি জানায়, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ১০ পয়সা।