সপ্তাহের শুরুতে শেয়ার সূচকের বড় লাফ

টানা দরপতনের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহ খানেক আগে যেখানে শেয়ার বিক্রি করতে ক্রেতা-সংকট চলছিল, সেখানে এখন বিক্রেতা-সংকট দেখা যাচ্ছে। এ কারণে সপ্তাহের প্রথম দিন গতকাল রোববার দেশের শেয়ারবাজারে সূচকের বড় উল্লম্ফন লক্ষ করা গেছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ও সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল প্রায় ৪ শতাংশ বেড়েছে। অন্য সূচকগুলোও ছিল ঊর্ধ্বমুখী অবস্থানে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অব্যাহত দরপতনের কারণে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম অনেক কমে গেছে। অনেকে এ অবস্থাকে বিনিয়োগের উত্তম সময় মনে করছেন। তাই নতুন করে বাজারে সক্রিয় হচ্ছেন তাঁরা। তারই ইতিবাচক প্রভাব পড়ছে বাজারে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী প্রথম আলোকে বলেন, সম্প্রতি সরকারের বাণিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা (সজীব ওয়াজেদ জয়) শেয়ারবাজার নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। তাঁদের বক্তব্যে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে। এরই ইতিবাচক প্রভাব বাজারে দেখা যাচ্ছে। এ ছাড়া বাজারে একটা সাপোর্ট আছে বলেও মনে করেন তিনি। তবে এটি স্থায়ী হবে কি না, তা কয়েক দিন বাজারের গতিবিধি লক্ষ করে বলা যাবে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক মিজানুর রহমানের মতে, বাজার ঘুরে দাঁড়ানোটা স্বাভাবিক আচরণ। তিনি মনে করেন, তিন সিটি করপোরেশনকে ঘিরে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক ছিল। এর প্রভাব পড়ছিল দেশের শেয়ারবাজারে। কিন্তু সিটি নির্বাচনের পর স্বল্প মেয়াদে হলেও রাজনৈতিক অঙ্গনে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। এ কারণে অনেক বিনিয়োগকারী বাজারে সক্রিয় হচ্ছেন। বাজারে নতুন ফান্ড নিয়ে আসছেন তাঁরা। এ কারণে সূচকের পাশাপাশি লেনদেনেও তার ইতিবাচক প্রভাব পড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৫ শতাংশ বা ১৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৭৭ পয়েন্টে। এ নিয়ে টানা চার কর্মদিবস ঊর্ধ্বমুখী প্রবণতায় রইল সূচক। এ চার দিনে ডিএসইএক্স বেড়েছে ৩১৮ পয়েন্ট। তবে ৪ মে ডিএসইএক্স ৩ হাজার ৯৫৯ পয়েন্টে নেমে এসেছিল। সিএসইতে সার্বিক মূল্যসূচক গতকাল ৩ দশমিক ৮৪ শতাংশ বা ৪৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ১৮২ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ২৮৯টিরই দাম বেড়েছে। কমেছে ১৭টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে গতকাল প্রায় ৫২১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিন বৃহস্পতিবারের চেয়ে ১০২ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৪১৯ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে এদিন ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৬টিরই দাম বেড়েছে। কমেছে সাতটির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে গতকাল ৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম।
ডিএসইতে গতকাল লেনদেনে শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি। গতকাল এ প্রতিষ্ঠানটির ৫১ কোটি টাকার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এসিআই ফর্মুলেশন, এমজেএল বিডি, সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস, এসিআই, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, আরএকে সিরামিকস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, কেপিসিএল প্রভৃতি।