সপ্তাহের শুরুতে সূচক ও লেনদেন কমল শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৩৭ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৬ পয়েন্টে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ১৩২ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৫৯ পয়েন্টে। সূচকের মতো লেনদেনও কমেছে দুই বাজারে।
সর্বশেষ কার্যদিবসে গত বৃহস্পতিবারও দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছিল। ওই দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট এবং সিএসইর সার্বিক মূল্যসূচক ৬ পয়েন্ট কমেছিল।
ঢাকার বাজারে গতকাল ৩১২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯৪টিরই দাম কমেছে, বেড়েছে ৮৪টির আর অপরিবর্তিত ছিল ৩৪টির দাম। দিন শেষে ডিএসইতে ৪৬৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে ৩৬ কোটি টাকা কম। বৃহস্পতিবার ঢাকার বাজারে ৫০৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অন্যদিকে চট্টগ্রামের বাজারে রোববার ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৩টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ৫৫টির আর অপরিবর্তিত ছিল ৩১টির দাম। দিন শেষে সিএসইতে ৪২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে ১০ কোটি টাকা কম। গত বৃহস্পতিবার সিএসইতে ৫২ কোটি টাকা লেনদেন হয়েছিল।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট। গতকাল এককভাবে কোম্পানিটির ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর বাইরে লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে অলিম্পিক অ্যাকসেসরিজ, বেক্সিমকো, এসিআই, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার, ফার কেমিক্যাল, বেক্সিমকো ফার্মা, এসিআই ফরমুলেশন ও ইফাদ অটোস।
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স শেয়ারধারীদের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। শনিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। আর গতকাল তা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।