সপ্তাহের শুরুতে সূচক বাড়ল শেয়ারবাজারে
আরেকটি নতুন সপ্তাহ শুরু। আর সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার সূচক বাড়ল দেশের শেয়ারবাজারে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৪৭ পয়েন্ট বেড়ে আবারও সাড়ে চার হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার ওপরে উঠেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন সার্বিক সূচকটি বেড়েছে ১০১ পয়েন্ট। দুই বাজারে বেড়েছে লেনদেনও। এর আগে গত কয়েক দিন ধরেই উভয় বাজারে সূচক কমেছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পবিত্র রমজানে সাধারণত শেয়ারবাজারে শ্লথগতি থাকে। কারণ হিসেবে তাঁরা বলছেন, এ সময়ে বাজারে বিনিয়োগ কমে যায়। উল্টো রমজান শেষে ঈদ ঘনিয়ে আসতে থাকলে বাজারে বিক্রির চাপ বেড়ে যায়।
জানতে চাইলে সিএসইর সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, রমজানে ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের অনেকে তাঁদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দেন। আর বড় বিনিয়োগকারীরা এ সুযোগটি কাজে লাগিয়ে কম দামে শেয়ার কেনার চেষ্টা করেন। যে কারণে রমজান মাসে বাজারে কিছুটা শ্লথ বা ধীরগতি থাকে। তবে গত কয়েক দিনের টানা দরপতনের পর গতকাল বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার ঝোঁক বেশি ছিল। এ কারণে বাজারে তার ইতিবাচক প্রভাব পড়েছে।
লেনদেন শেষে গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫০২ পয়েন্টে। পাশাপাশি অপর সূচক ডিএসইএস ১১ পয়েন্ট ও ডিএস-৩০ সূচকটি ২২ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে গতকাল ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬০টির দাম বেড়েছে, কমেছে ১১০টির আর অপরিবর্তিত ছিল ৪১টির দাম। ডিএসইতে এদিন ৩৬২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। গত বৃহস্পতিবার এই স্টক এক্সচেঞ্জে ৩৪৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে আগের দিনের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১০ পয়েন্টে। সিএসইতে রোববার ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ১১৭টির দাম বেড়েছে, কমেছে ৮২টির আর অপরিবর্তিত ছিল ৪২টির দাম। সিএসইতে দিন শেষে ৪৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি। গত বৃহস্পতিবার সিএসইতে ৩৫ কোটি টাকা লেনদেন হয়েছিল।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মা। এদিন কোম্পানিটির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকার পরবর্তী অবস্থানে ছিল যথাক্রমে লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, অলিম্পিক অ্যাক্সেসরিজ, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো, এএফসি অ্যাগ্রো, গ্রামীণফোন, ইফাদ অটোস ও খুলনা পাওয়ার।