সপ্তাহের শুরুতে সূচক, লেনদেন নিম্নমুখী
সূচকের পতন আর লেনদেনের নিম্নগতি দিয়ে দেশের শেয়ারবাজারে আরেকটি সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ৩১ পয়েন্ট। সেই সঙ্গে লেনদেন নেমে এসেছে সোয়া চার শ কোটিতে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল দিন শেষে ডিএসইএক্স কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৫৩৭ পয়েন্টে। গত ২০ ডিসেম্বরের পর ও চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত এটিই ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্থান। সর্বশেষ গত ২০ ডিসেম্বর ডিএসইএক্স ৪ হাজার ৫১২ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক প্রায় ১০১ পয়েন্ট কমে নেমে এসেছে ১৩ হাজার ৯৯৭ পয়েন্টে। গত ৩১ জানুয়ারির পর এ সূচকটি আবারও ১৪ হাজারের নিচে নেমে এসেছে।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের বাজার পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহ থেকে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের নৈরাশ্যবাদী আচরণ বিরাজ করছে। আর বিনিয়োগকারীদের সেই বিষণ্নতার ছাপ গিয়ে পড়েছে বাজারে। এ কারণে মন্দাভাব দেখা দিয়েছে লেনদেন ও সূচকে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিনিয়োগকারীদের মানসিক উদ্বেগের কারণে গতকালের বাজারে সব শ্রেণির কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সবচেয়ে বেশি কমেছে মাঝারি মূলধনি কোম্পানির শেয়ারের দাম। এ শ্রেণির তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম এদিন গড়ে ১ দশমিক ১ শতাংশ কমেছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তালিকাভুক্ত দুটি মিউচুয়াল ফান্ডকে অবসায়ন বা গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এইমস ফার্স্ট গ্যারান্টেড ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড দুটিকে আগামী কয়েক দিনের মধ্যেই তাদের অবসায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এতে করে ফান্ডটির পত্রকোষ বা পোর্টফোলিও থাকা প্রায় ১৬০ কোটি টাকার শেয়ার বিক্রি করতে হবে।
ডিএসই ও লঙ্কাবাংলা ফিন্যান্সিয়াল পোর্টালের তথ্য অনুযায়ী, গতকালের মন্দা বাজারে শেয়ারের লেনদেন ও টাকার অঙ্কে লেনদেনের দিক থেকে আধিপত্য বিস্তার করেছে বিএসআরএম লিমিটেড ও লঙ্কাবাংলা ফিন্যান্স। এদিন কোম্পানি দুটিরই শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে রোববার এককভাবে বিএসআরএম লিমিটেডের প্রায় সাড়ে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ১০ শতাংশ বা ১৭ টাকা ৭০ পয়সা বেড়েছে। আর এককভাবে লঙ্কাবাংলা ফিন্যান্সের লেনদেনের পরিমাণ ছিল ২৩ কোটি টাকার বেশি। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় আড়াই শতাংশ বা ৯০ পয়সা বেড়েছে।
২২ ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদের সভা শেষে লঙ্কাবাংলা ফিন্যান্স শেয়ারধারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়। গত ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস মিলিয়ে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। তাতেই চার কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ১১ টাকা বেড়েছে। ২২ ফেব্রুয়ারি কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল প্রায় ২৭ টাকা, গতকাল দিন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ টাকা ২০ পয়সা।
এদিকে ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় প্রায় ৪২৪ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৩৬ কোটি টাকা কম। সিএসইতে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৯ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৬ কোটি টাকা কম।