সপ্তাহের শেষ দিনে ইতিবাচক ধারায় শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেনও বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে সূচক বেড়েছে ২৭ পয়েন্ট

দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৫৫৪ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

আজ ডিএসইতে ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৮টির দাম বেড়েছে, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৬৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩৯ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৪৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন

আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমজেএল বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, অ্যাপোলো ইস্পাত, মতিন স্পিনিং, বেক্সিমকো, ম্যাকসন স্পিনিং, ফ্যামিলিটেক্স, বিএসসি প্রভৃতি।

সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ৭৯ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৭ পয়েন্টে।

সিএসইতে আজ ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টির দাম বেড়েছে। কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ সিএসইতে ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।