সপ্তাহের শেষ দিনে নিম্নগতি শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচক ও লেনদেনে নিম্নগতিতে দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাই সূচকের নিম্নমুখী এই প্রবণতা। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে।

ডিএসইতে ৪৮৬ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৮৯৯ পয়েন্টে।
এর আগে আজ দিনের শুরুতে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৫ মিনিটে সূচক ২২ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। গতকাল ডিএসইতে সূচক বেড়েছিল ২৭ পয়েন্ট।

আজ ডিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৪টির দাম বেড়েছে। কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৪৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৯০ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৫৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসইতে) সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১৪১ পয়েন্টে।

সিএসইতে আজ ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬০টির দাম বেড়েছে, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে যমুনা অয়েল
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে যমুনা অয়েল। এ দিন প্রতিষ্ঠানটির ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকস, মেঘনা পেট্রোলিয়াম, ডেসকো, এবি ব্যাংক, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা প্রভৃতি।