সপ্তাহের শেষ দিনে সূচক ও লেনদেন কমেছে
সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেষ ঘণ্টায় গিয়ে সূচক নিম্নমুখী হয়। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৮০৯ পয়েন্টে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ৩০ পয়েন্ট কমেছে। আগের দিন বুধবার দুই বাজারেই সূচক ও লেনদেন বেড়েছিল।
এদিকে বুধবার ডিএসইর যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেনে বিলম্ব ঘটলেও গতকাল বৃহস্পতিবার এ ধরনের কোনো সমস্যা হয়নি। ফলে নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়।
আগের দিনের ধারাবাহিকতায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে দুই বাজারে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম দুই ঘণ্টা এ ধারা অব্যাহত ছিল। এ সময়ে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম বেড়ে যাওয়ায় ডিএসইর প্রধান সূচকটি আগের দিনের চেয়ে প্রায় ৩০ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক একটু একটু করে কমতে থাকে। দিন শেষে তা আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট নিচে নেমে যায়।
বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, বাজারটি বেশ কয়েক দিন ধরে স্থির অবস্থায় রয়েছে। ফলে সূচকের খুব বেশি উত্থান-পতন নেই। সার্বিকভাবে বাজারে বড় ধরনের প্রভাব ফেলার মতো কোনো সংবাদও নেই এ সময়ে। ফলে একধরনের স্থিরাবস্থা বিরাজ করছে।
মোহাম্মদ মূসা বলেন, বাজেটের পর বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী ধারা লক্ষ করা গেছে। এ কারণে ডিএসইর প্রধান সূচকটি বেড়ে প্রায় ৫ হাজারের কাছাকাছি উঠেছিল। কিছুদিন ধরে ওই পাঁচ হাজারের আশপাশেই সূচকটি আটকে আছে।
এদিকে ঢাকার বাজারে গতকাল ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৩টির দাম কমেছে, বেড়েছে ১০৯টির আর অপরিবর্তিত ছিল ৩৯টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬০৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা কম।
চট্টগ্রামের বাজারে বৃহস্পতিবার ২৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১৯টিরই দাম কমেছে, বেড়েছে ৯০টির আর অপরিবর্তিত ছিল ৪৬টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫৬ কোটি টাকা কম। গত বুধবার যান্ত্রিক ত্রুটিতে ডিএসইর লেনদেনে বিলম্ব ঘটায় সিএসইর লেনদেনে তার প্রভাব ছিল। ফলে ওই দিন সিএসইতে লেনদেন ছাড়ায় শত কোটি টাকা। কিন্তু গতকাল একই সঙ্গে দুই বাজারে লেনদেন শুরু হওয়ায় সিএসইতে লেনদেন কমে আসে।
উৎপাদন ক্ষমতা বাড়াবে রতনপুর স্টিল: শেয়ারবাজারে তালিকাভুক্ত রতনপুর স্টিল তাদের উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য নতুন ৯০ কোটি টাকা খরচ করে নতুন ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সেটি দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে শেয়ারধারীদের অভিহিত করা হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদন ক্ষমতা বাড়ানো হচ্ছে। নতুন যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হলে কোম্পানিটির বার্ষিক উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়াবে ৩ লাখ ৫৭ হাজার ২০০ মেট্রিক টনে।