সপ্তাহের শেষ দিনে সূচক নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার দিন ঊর্ধ্বমুখী থাকার পর আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষদিনে সূচক ও লেনদেন দু-ই কমেছে শেয়ারবাজারে। ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও বেলা পৌনে ১২টার পর থেকে লেনদেন ও সূচক কমতে থাকে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে সূচক।
বাজার বিশ্লেষণে দেখা যায়, নয় দশমিক ৫১ পয়েন্ট কমে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮৬৪ দশমিক ৪৫ পয়েন্টে। ডিএসইতে আজ ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৪৪ টির দাম বেড়েছে, কমেছে ১৩৪ টির আর অপরিবর্তিত ছিল ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
এদিন মোট ৬৮৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১৩ কোটি ৮৩ লাখ টাকা কম। গতকাল এই বাজারে ৯০২ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছিল।
এদিকে, ডিএসইর পাশাপাশি কমেছে সিএসইর সূচকও। দিন শেষে ২৯ পয়েন্ট কমে এর সার্বিক মূল্যসূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২০ দশমিক ৭১ পয়েন্ট। এতে হাতবদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৬ টির দাম বেড়েছে; কমেছে ১১০ টির আর অপরিবর্তিত ছিল ৩৯ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ৫৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার, যা গতকালের চেয়ে ২২ কোটি ৪৯ লাখ টাকা কম। গতকাল এই বাজারে ৭৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইসলামি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, স্কয়ার ফার্মা প্রভৃতি।