সপ্তাহের শেষ দিনেও সূচকের পতন ঘটল শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবারও নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল দেশের শেয়ারবাজারে। লেনদেন শেষে এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচক কমেছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৫ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭০৯ পয়েন্টে।
দুই বাজারে সূচক কমলেও লেনদেনে ছিল ভিন্ন ভিন্ন অবস্থা। ঢাকার বাজারে এদিন লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রামে। ডিএসইর তথ্য অনুযায়ী, ছয় দিন ধরে একটানা সূচক কমেছে। ১৭ জুন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৪ হাজার ৫২৭ পয়েন্টে। সেখান থেকে টানা পতনের ফলে গতকাল দিন শেষে তা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৫ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় ১২৪টির দাম বেড়েছে, কমেছে ১৪৯টি। আর অপরিবর্তিত ছিল ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।
দিন শেষে ঢাকার বাজারে মোট ৩৪৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা কম। গত বুধবার ডিএসইতে মোট ৩৭২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
সিএসইতে গতকাল ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৬৮টির দাম বেড়েছে, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত ছিল ৩০টির দাম।
চট্টগ্রামের বাজারে গতকাল ৩৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা বেশি। বুধবার সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
সপ্তাহের শেষ দিনে গতকাল ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ছিল নতুন তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ। গতকাল শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হয়।  লেনদেনের প্রথম দিনে এককভাবে কোম্পানিটির ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দিন শেষে কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের (ফেসভ্যালু) প্রতিটি শেয়ারের দাম ৩৯ টাকা ১০ পয়সা বা ৩৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ টাকা ১০ পয়সা।