সপ্তাহের শেষ দিনেও সূচকের বড় পতন শেয়ারবাজারে
সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবারও দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। এ নিয়ে টানা চার দিন দরপতন ঘটল শেয়ারবাজারে।
এ দিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪২ শতাংশ কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১ দশমিক ৭৬ শতাংশ। উভয় বাজারে সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা ও শঙ্কার সৃষ্টি করছে। যে কারণে তাঁরা নতুন করে বিনিয়োগে যাচ্ছেন না।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতার আশা দেখতে পাচ্ছেন না বিনিয়োগকারীরা। এ কারণে তাঁরা নতুন করে বিনিয়োগে যাচ্ছেন না।
গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট কমে ৪ হাজার ১৯২ পয়েন্টে নেমে এসেছে। এর আগে ২০১৩ সালের ২ ডিসেম্বর ডিএসইএক্স সূচক ৪ হাজার ১৯৭ পয়েন্ট ছিল।
সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল ২৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৫৮ পয়েন্টে।