সমস্যা মেনেই সমাধানে এগোতে চায় সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে নানা সমস্যা আছে। সেই সমস্যাকে চিহ্নিত ও স্বীকার করে নিয়ে সমাধানের উদ্যোগ নিতে হবে। এরপর তা বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা গেলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।
এভাবেই শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের হারানো আস্থা পুনরুদ্ধারের প্রয়াস নিতে চান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালিউল মারুফ মতিন। ১ ডিসেম্বর সিএসইর এমডি হিসেবে যোগদানের পর গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই নিজের ইচ্ছার কথা তুলে ধরেন তিনি। সিএসইর ঢাকা কার্যালয়ে গতকাল সকালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তাতে ওয়ালিউল মারুফ মতিন বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর প্রধান দুটি লক্ষ্য স্থির করেছি। প্রথমটি হলো স্টক এক্সচেঞ্জের সঙ্গে বিনিয়োগকারীদের একটি সার্বক্ষণিক নিবিড় যোগাযোগ স্থাপন করা, যেন তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথাগুলো শুনে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। আর দ্বিতীয় লক্ষ্যটি হচ্ছে, বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে বাজারে নতুন নতুন পণ্য চালু করা ও সর্বোচ্চ পেশাদারির সঙ্গে স্টক এক্সচেঞ্জের কর্মকাণ্ড পরিচালনা করা।’
সিএসইর প্রতিষ্ঠালগ্নে ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত একটানা ১০ বছর স্টক এক্সচেঞ্জটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মারুফ মতিন। আফ্রিকার দেশ সিয়েরা লিওন স্টক এক্সচেঞ্জটি যাত্রা শুরু করে তাঁর হাত ধরে। পাশাপাশি দেশে-বিদেশি শেয়ারবাজারের উন্নয়নে নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সর্বশেষ দেশের বাজারে একটি সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকে নতুন কিছু উদ্যোগ ও লক্ষ্য পূরণের আশায় আবারও ফিরে এসেছেন পুরোনো কর্মস্থলে। মাঝে কেটে গেছে ১০ বছরের বেশি সময়। এরই মধ্যে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক বা ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হয়েছে। অর্থাৎ স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনার ওপর থেকে মালিকানার কর্তৃত্বকে আলাদা করা হয়েছে। বাংলাদেশে ডিমিউচুয়ালাইজেশনের ধারণাপত্র উপস্থাপন ও সেটি নিয়ে কাজ করেছেন তিনি।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে মারুফ মতিন বলেন, ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হওয়ার কারণে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে নতুন কিছু করার পথটি সুগম হয়েছে। এখন সেই সুযোগ কাজে লাগাতে চান তিনি। তবে তিনি মনে করেন, ডিমিউচুয়ালাইজেশনের সুফল খুব দ্রুত পাওয়া যাবে না। এ জন্য আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। নিতে হবে অনেক উদ্যোগ। তাঁর মতে, যেদিন স্টক এক্সচেঞ্জের কোনো সদস্যের অনিয়মের কারণে তাঁকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসা সম্ভব হবে, সেদিন থেকে ডিমিউচুয়ালাইজেশনের সুফল মিলতে শুরু করবে।
সিএসইর এমডি বলেন, বাংলাদেশের শেয়ারবাজারে এমন কিছু সমস্যা রয়েছে বা বিনিয়োগকারীরা এমন কিছু সমস্যার মুখোমুখি হন, যার সঙ্গে শেয়ারবাজারের তাত্ত্বিক ধারণার কোনো মিল নেই। এখানকার সমস্যাগুলো অনন্য। তাই এগুলোর সমাধানের পথটি খুঁজে বের করতে হবে পারস্পরিক আলাপ-আলোচনার ও সমস্যার ধরন নির্ণয়ের মাধ্যমে। পেশাদার কাজের মাধ্যমে স্টক এক্সচেঞ্জকে এমন একটি অবস্থায় নিতে হবে, যেখানে বিনিয়োগকারী মনে করবেন তাঁর স্বার্থ রক্ষায় স্টক এক্সচেঞ্জ কাজ করছে।
মারুফ মতিন আরও বলেন, শেয়ারবাজারে নানা রকমের কারসাজির ঘটনা সবারই জানা। কিন্তু সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ সব সময় সেগুলো প্রমাণ করা সম্ভব হয় না। এ ছাড়া প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষও। বিদ্যমান আইনে কারসাজির জন্য পাঁচ বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের শেয়ারবাজারে কারসাজির দায়ে কাউকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার নজির নেই। একটি পর্যায়ে শেয়ারবাজারের কারসাজির শনাক্ত করার মতো দক্ষতা ও যন্ত্রপাতির অভাব ছিল। সেই পরিস্থিতির এখন যথেষ্ট উন্নতি হয়েছে। তাঁর মতে, অপরাধ কমাতে হলে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।