সমস্যা সমাধানের প্রস্তাব দিয়ে বেকায়দায় বিএমবিএ
শেয়ারের বিপরীতে দেওয়া অনাদায়ী বিপুল পরিমাণ পুঁঞ্জিভূত ঋণের সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েই বেকায়দায় পড়েছে মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। প্রস্তাব দেওয়ার পরপরই শেয়ারবাজার-সংশ্লিষ্টদের একটি অংশ বাজারের পতনের জন্য বিএমবিএকে দায়ী করতে শুরু করে। এ অবস্থায় গতকাল বুধবার সকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াল সংগঠনটি।
যদিও বিএমবিএর সুপারিশগুলো শুধু প্রস্তাব আকারে বিবেচনার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেওয়া হয়েছিল। এ ব্যাপারে কোনো ধরনের আলোচনা বা সিদ্ধান্তই হয়নি।
বিএমবিএর প্রস্তাবে বলা হয়েছিল, শেয়ারের বিপরীতে এক কোটি টাকার বেশি ঋণ নিয়ে যাঁরা তা পরিশোধ করছেন না, তাঁদের বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবির আওতায় নিয়ে আসার। পাশাপাশি মার্চেন্ট ব্যাংকগুলোতে মূলধন জোগান দেওয়ার সুপারিশও করা হয়। এ ছাড়া গ্রাহকের নিজের মূলধন ও তার বিপরীতে দেওয়া ঋণের মধ্যকার একটি সীমা নির্ধারণেরও প্রস্তাব করা হয়েছিল, যেন শেয়ারের দাম কমলেও ঋণ আর মূলধনের ওই সীমা বজায় রাখা যায়। গত জানুয়ারি মাসেও বিএমবিএর পক্ষ থেকে সিআইবি বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তখন এটি নিয়ে কোনো কথা হয়নি।
সেই প্রস্তাব নিয়ে কোনো ধরনের আলোচনার আগেই বাধ্য হয়ে গতকাল সকালে লেনদেন শুরুর আগে সংবাদ সম্মেলন ডাকে বিএমবিএ। তাতে বলা হয়, বিএসইসিতে জমা দেওয়া সুপারিশ নিয়ে সংগঠনটি আর এগোবে না। কারণ বাজার ক্ষতিগ্রস্ত করার কোনো উদ্দেশ্য তাঁদের নেই।
সংবাদ সম্মেলনে বিএমবিএর সভাপতি তানজিল চৌধুরী বলেন, পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে এমন কোনো সিদ্ধান্ত নেবে না মার্চেন্ট ব্যাংকগুলো। এক কোটি টাকার বেশি খেলাপিদের নাম সিআইবিতে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন, এ কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। কিন্তু প্রস্তাবটি শুধু আলোচনার জন্য বিএসইসিতে দেওয়া হয়েছিল। বাজারে নেতিবাচক প্রভাব ফেলার জন্য নয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার বিএমবিএর প্রস্তাবনা বিএসইসিতে পাঠানো হয়। আর বাজারে পতন চলছে তারও আগে থেকে। ১২ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ছিল পাঁচ হাজার পয়েন্টের ওপর। আর গত বৃহস্পতিবার বিএমবিএর প্রস্তাব জমা দেওয়ার আগে সেই সূচক কমে নেমে আসে চার হাজার ৯০০ পয়েন্টে।
এদিকে গতকাল লেনদেন শুরুর আগে নিজেদের অবস্থান পরিষ্কার করার পরও বাজারে দরপতন অব্যাহত ছিল। এদিনও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বা প্রায় এক শতাংশ কমে দাঁড়িয়েছে চার হাজার ৭৫৭ পয়েন্টে।
জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের প্রধান মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘বিএমবিএ যেসব প্রস্তাব দিয়েছে সেগুলোর জন্য বাজারে দরপতন ঘটার যুক্তিসংগত কোনো কারণ নেই। এ জন্য বিএমবিএর প্রস্তাবকে দায়ী করাটা ঠিক হবে না। কারণ তাদের সুপারিশগুলো কেবলই প্রস্তাব ছিল। তা সত্ত্বেও কেউ যদি মনে করেন এ জন্য বাজারে প্রভাব পড়েছে, তাহলে সেটি হয়েছে কেবল ধারণাগত ত্রুটির কারণে। আমাদের বাজারটি পরিপক্ব নয় বলেই এ ধরনের ঘটনা ঘটছে। এ কারণে যেসব বিষয়ে বাজারে কোনো প্রভাব পড়ার কথা না, সেসব কারণেও প্রভাব পড়ে।’
একাধিক মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলোর ছয় হাজার কোটি টাকার ঋণ অনাদায়ী পড়ে আছে। ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর ঋণ অনাদায়ীর পরিমাণ বেড়েছে।