সর্বোচ্চ অবস্থানে ডিএসইর সূচক
ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় সর্বোচ্চ অবস্থানে উঠেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকটি। গতকাল বুধবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮৩ পয়েন্টে।
কয়েক দিন ধরে বড় মূলধনি কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির ফলে সূচকে ইতিবাচক প্রভাব দেখা যায়। সেই ধারাবাহিকতায় ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স সূচকটি চালু হওয়ার পর গতকালই এটি সর্বোচ্চ অবস্থানে ওঠে। এর আগে চলতি বছরের ৪ এপ্রিল এ সূচকটি সর্বোচ্চ ৫ হাজার ৭৭৭ পয়েন্টে উঠেছিল।
বড় মূলধনি কোম্পানির মূল্যবৃদ্ধির ফলে বাজার মূলধনও বেড়ে গতকাল সর্বোচ্চ অবস্থানে উঠেছে। দিন শেষে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল প্রায় ৩ লাখ ৮৮ হাজার ৩২৯ কোটি টাকা। তালিকাভুক্ত কোম্পানি, ট্রেজারি বন্ড, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার ও করপোরেট বন্ডের মোট শেয়ার ও ইউনিট সংখ্যা এবং দামের গুণফলের সমষ্টি হলো বাজার মূলধন।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ৪৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১৭ হাজার ৮৯৮ পয়েন্ট। দুই বাজারে সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। ডিএসইতে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৬৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫৯ কোটি টাকা কম। সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা কম।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সূচককে ঘিরে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একধরনের নেতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাব কাজ করে। ফলে এটি সর্বোচ্চ সীমায় উঠলেই বিনিয়োগকারীরা আতঙ্কে শেয়ার বিক্রি শুরু করেন। যদিও গতকাল বিক্রির চাপ কম ছিল। এ কারণে দিন শেষে সূচক ছিল ঊর্ধ্বমুখী।
বাজার-সংশ্লিষ্টরা বলেন, বিনিয়োগকারীদের অংশগ্রহণে বাজারে একধরনের গতি সঞ্চার হয়েছে। বিনিয়োগকারীদের এ অংশগ্রহণ দীর্ঘস্থায়ী হলে তাতে বাজারও অনেকাংশে টেকসই হবে।
জানতে চাইলে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথমআলোকে বলেন, জুনে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্ধবার্ষিক হিসাব সময় শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠানগুলো আর্থিক হিসাব প্রকাশ করবে। তালিকাভুক্ত বেশির ভাগ ব্যাংকের শেয়ারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১০-এর নিচে। তাই যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কয়েক প্রান্তিক ধরে ভালো আয় করছে ও সার্বিকভাবে কম পিইর, সেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি বিনিয়োগকারীর আগ্রহ বেশি।
মনিরুজ্জামান আরও বলেন, গতকাল দিন শেষেও বাজারের সার্বিক পিই-রেশিও ছিল ১৬-এর কম। মূলত ব্যাংক খাতের কম পিই অনুপাতের কারণেই বাজারের সার্বিক পিই অনুপাত এ পর্যায়ে রয়েছে।
ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩০ ব্যাংকের মধ্যে ১৮টিরই দাম বেড়েছে। আর ব্যাংকবহির্ভূত ২৩ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫টির। গত দুই দিনের মূল্যবৃদ্ধির তুলনায় কিছুটা ধীর গতি ছিল গতকাল। যদিও ঢাকার বাজারে গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথম দুটিই ছিল আর্থিক প্রতিষ্ঠান। সেগুলো হলো ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং। এর মধ্যে ন্যাশনাল হাউজিংয়ের প্রতিটি শেয়ারের দাম ৫ টাকা বা ১০ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রতিটি শেয়ারের দাম ৯০ পয়সা বা প্রায় ৬ শতাংশ বেড়েছে।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি বারাকা পাওয়ার। এদিন ঢাকার বাজারে এককভাবে কোম্পানিটির প্রায় ৪৪ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৮০ পয়সা বা ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ টাকায়।
আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারের লেনদেনে আধিপত্য ছিল বস্ত্র, ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান ও ওষুধ খাতের। এ পাঁচ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৭৮০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৬৭ শতাংশ।