সর্বোচ্চ অবস্থানে ডিএসই এক্স সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স আজ বুধবার সর্বোচ্চ অবস্থানে উঠেছে। বুধবার দিনের লেনদেন শেষে ডিএসই এক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮২ পয়েন্ট।

গত কয়েক দিন সূচকের ধারাবাহিক ঊর্ধ্বগতির মধ্য দিয়ে আজ সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার ডিএসই এক্স সূচকটি ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ৫ হাজার ৭৬০ পয়েন্টে। এর আগে গত সোমবার ডিএসই এক্স সূচকটি ৭২ পয়েন্ট বেড়েছিল।

২০১০ সালে শেয়ারবাজার ধসের পর ২০১৩ সালের জানুয়ারিতে নতুন করে ডিএসই এক্স সূচকটি চালু করা হয়। সূচকটি চালু হওয়ার পর আজ বুধবার এটি সর্বোচ্চ অবস্থানে উঠেছে। এর আগে চলতি বছরের ৪ এপ্রিল ডিএসই এক্স সূচকটি সর্বোচ্চ ৫ হাজার ৭৭৭ পয়েন্টে উঠেছিল।

তবে, গতকালের চেয়ে ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ কমেছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৬৪ কোটি টাকা; যা গতকালের চেয়ে প্রায় ৬০ কোটি টাকা কম। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।