সর্বোচ্চ অবস্থানে ডিএসইর প্রধান সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে চাঙাভাব অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান (ডিএসইএক্স) সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে, যা ডিএসইএক্স সূচকের জন্য সর্বোচ্চ অবস্থান। পাশাপাশি ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে গতকালের অবস্থানে রয়েছে।

ডিএসইতে ১,১০৩ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,০২৬ পয়েন্টে। ডিএসইএক্স সূচকের জন্য এটি সর্বোচ্চ অবস্থান। গত বছরের ২৭ জানুয়ারি ৪,০৫৫ পয়েন্ট থেকে ডিএসইএক্স সূচকের যাত্রা শুরু হয়। এর পর থেকে আজই প্রথম এই সূচক ৫,০২৬ পয়েন্টে পৌঁছে। এ ছাড়া ২০১২ সালের ১৪ মে ডিএসইর সাধারণ মূল্যসূচক (বর্তমানে বিলুপ্ত) ৫,০৫৭ পয়েন্টে ছিল। এই হিসেবে দুই বছর চার মাস পর প্রধান সূচক এই অবস্থানে দাঁড়াল।
এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৯টিরই দাম বেড়েছে, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ এক হাজার ১০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭১ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৯৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে ৭০ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৩৫ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৯টির দাম বেড়েছে। কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গতকালের মতো আজও সিএসইতে ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে লেনদেনে শীর্ষে এমজেএল বিডি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে এমজেএল বিডি। আজ প্রতিষ্ঠানটির ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, আরএসআরএম স্টিল, গ্রামীণফোন, গোল্ডেন সন, আইডিএলসি, ইউনাইটেড এয়ার, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, অ্যাকটিভ ফাইন প্রভৃতি।