সাড়ে আট মাস পর সর্বোচ্চ লেনদেন ডিএসইতে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও সাড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। প্রায় সাড়ে আট মাসের ব্যবধানে গতকালই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসইতে গতকাল বৃহস্পতিবার দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৬৮২ কোটি টাকা। এর আগে সর্বশেষ চলতি বছরের ১৯ জানুয়ারি ডিএসইতে ৭২১ কোটি টাকার সর্বোচ্চ লেনদেন হয়েছিল।
ঢাকার বাজারে লেনদেন বাড়লেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের প্রায় সমানই ছিল। তবে দুই বাজারেই সূচক খানিকটা বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচকটি ৩৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে ঢাকার বাজারে লেনদেনে শীর্ষস্থানে উঠে এসেছে ডরিন পাওয়ার। কোম্পানিটির মালিকানাধীন অপর প্রতিষ্ঠান ঢাকা নর্দান পাওয়ার জেনারেশন বিদ্যুৎ বিক্রি করে বছরে প্রায় ৩১৪ কোটি টাকা রাজস্ব আয়ের তথ্য জানিয়েছে বিনিয়োগকারীদের। এরই মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নর্দান পাওয়ারের ৫৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন দিয়েছে। খবরটি গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করা হয়েছে। তাতেই কোম্পানিটি লেনদেনের শীর্ষে উঠে আসে, লেনদেন হয় প্রায় ২১ কোটি টাকার শেয়ার। যদিও দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ১০ পয়সা কমে দাঁড়িয়েছে ৭০ টাকা ৩০ পয়সায়।
ডরিন পাওয়ারের দাপটে লেনদেনের শীর্ষ নেতৃত্ব হারিয়েছে লঙ্কাবাংলা ফিন্যান্স। তবে মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। গতকাল ডিএসইতে এককভাবে কোম্পানিটির প্রায় সাড়ে ১৯ কোটি টাকার লেনদেন হয়। ডিএসইতে লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির মধ্যে এটি ছিল তৃতীয়। গত বুধবার এটি লেনদেনের শীর্ষে ছিল। গতকাল দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৫০ পয়সা বা দেড় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫০ পয়সায়।
লঙ্কাবাংলার শেয়ারের দাম বাড়ার পাশাপাশি আর্থিক খাতের লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। বেশ কয়েক দিন ধরে বাজারে এ খাতের কোম্পানির শেয়ারের দর বেড়ে চলেছে। ডিএসইতে লেনদেন হওয়া আর্থিক খাতের ২২ কোম্পানির মধ্যে ২০টিরই দাম বেড়েছে।
ঢাকার বাজারে এদিন সব মিলিয়ে ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৩টিরই দাম বেড়েছে, কমেছে ১১৬টির আর অপরিবর্তিত ছিল ৫৩টির দাম। সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন আগের দিনের চেয়ে ১৯০ কোটি টাকা বেড়েছে।
চট্টগ্রামের বাজারে বৃহস্পতিবার ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩২টিরই দাম বেড়েছে, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩২ কোটি টাকা।