সাড়ে চার হাজার পয়েন্টের নিচে ডিএসইর সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের পতন অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। গতকাল রোববারের ধারাবাহিকতায় আজ সোমবারও সূচকের বড় পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এ নিয়ে টানা চার দিন সূচকের পতন হলো শেয়ারবাজারে। তবে আজ লেনদেন সামান্য বেড়েছে দুই বাজারে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের অব্যাহত রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে দেশের শেয়ারবাজারে। এ কারণে সাম্প্রতিক সময়ে দরপতনের ঘটনা ঘটছে। মাঝেমধ্যে কিছু প্রতিষ্ঠান বাজারে সাপোর্ট দেওয়ার চেষ্টা করলেও বাজারে বিনিয়োগকারীদের আস্থার অভাবের কারণে এতে কাজ হচ্ছে না। দু-একদিন বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও আবারও নেতিবাচক ধারা লক্ষ করা যাচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর ডিএসইএক্স সূচক ১ দশমিক ২৮ শতাংশ বা ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৪৭৮ পয়েন্টে। একই সঙ্গে ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট কমেছে। গত চার দিনে সূচক কমেছে ১৭১ পয়েন্ট।
ডিএসইর পাশাপাশি সিএসইর সার্বিক মূল্যসূচক ১৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩,৭০৭ পয়েন্টে।
আগের কার্যদিবস রোববার ডিএসইএক্স সূচক কমেছিল ২০ পয়েন্ট। একই দিন সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছিল ৭৯ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৯টিরই দাম কমেছে। বেড়েছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ২৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৬ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ২৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়।
সিএসইতে আজ ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৬টিরই দাম কমেছে। বেড়েছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি। গতকাল এই স্টক এক্সচেঞ্জে ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
এ দিকে আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল গ্রামীণফোন। এ কোম্পানির ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ইফাদ অটোস, সামিট অ্যালায়েন্স পোর্ট, এসিআই, শাশা ডেনিমস, লাফার্জ সুরমা সিমেন্ট, ওয়ান ব্যাংক, এমজেএল বিডি, সিঙ্গার বিডি প্রভৃতি।