সাড়ে চার হাজার পয়েন্টের নিচে ডিএসইর সূচক
সূচকের পতন অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। আগের দিন রোববারের ধারাবাহিকতায় গতকাল সোমবারও সূচকের বড় পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এ নিয়ে টানা চার দিন সূচকের পতন হলো দুই শেয়ারবাজারে। তবে গতকাল লেনদেন সামান্য বেড়েছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের অব্যাহত রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে শেয়ারবাজারে। এ কারণে সাম্প্রতিক সময়ে দরপতনের ঘটনা ঘটছে। মাঝেমধ্যে কিছু প্রতিষ্ঠান বাজারে ‘সাপোর্ট’ দেওয়ার চেষ্টা করলেও বিনিয়োগকারীদের আস্থার অভাবের কারণে তাতে কাজ হচ্ছে না। দু-এক দিন বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও, পরে আবার নেতিবাচক ধারা শুরু হয়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ কমে ৪ হাজার ৪৭৮ পয়েন্টে নেমে গেছে। গত চার দিনে প্রধান সূচকটি কমেছে ১৭১ পয়েন্ট। একই সঙ্গে ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট কমেছে।
ডিএসইর পাশাপাশি সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল ১৫৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৭০৭ পয়েন্টে নেমে এসেছে।
আগের কার্যদিবস রোববার ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট ও সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছিল ৭৯ পয়েন্ট কমেছিল।
ডিএসইতে গতকাল ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর কমেছে ২২৯টির, বেড়েছে ৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের। এদিন এ বাজারে ২৮৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন রোববারের চেয়ে ৩৬ কোটি টাকা বেশি। আগের দিন এ বাজারে ২৫৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়।
সিএসইতে এদিন ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর কমেছে ১৬৬টির, বেড়েছে ৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের। সিএসইতে গতকাল ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি। আগের দিন এই স্টক এক্সচেঞ্জে ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল গ্রামীণফোন। এদিন এ কোম্পানির ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে শাহজীবাজার পাওয়ার কোম্পানি, ইফাদ অটোস, সামিট অ্যালায়েন্স পোর্ট, এসিআই, শাশা ডেনিমস, লাফার্জ সুরমা সিমেন্ট, ওয়ান ব্যাংক, এমজেএল বিডি ও সিঙ্গার বিডি।
ওয়ান ব্যাংকের লভ্যাংশ ঘোষণা: ওয়ান ব্যাংক লিমিটেড শেয়ারধারীদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে নগদে সাড়ে ১২ শতাংশ ও বোনাস শেয়ারে সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দেবে প্রতিষ্ঠানটি।
ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল। এজিএমের রেকর্ড ডেট ২৯ মার্চ। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ৩ টাকা ১২ পয়সা।