সাত কার্যদিবস পর মূল্য সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত কার্যদিবস পর গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে নেমে এসেছে ৫ হাজার ৫৮১ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৮৮ পয়েন্টে। সূচকের পাশাপাশি উভয় বাজারে লেনদেনের পরিমাণও খানিকটা কমেছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সূচক ও শেয়ারের দামের কয়েক দিনের বৃদ্ধির পর দরপতন বাজারের স্বাভাবিক প্রবণতা। এটিকে তাই মূল্য সংশোধন হিসেবে অভিহিত করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের সহযোগী এক ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তা বলেন, বাজারের একটানা ও অস্বাভাবিক উত্থানের চেয়ে ধীরে ধীরে উত্থান-পতনের মধ্য দিয়ে বাজারে স্বাভাবিক অবস্থা বিরাজ করলে তা সবার জন্য মঙ্গলজনক। স্বাভাবিক ধারায় বাজারে গতি সঞ্চার হলে সেটি টেকসই হয়। অন্যথায় অস্বাভাবিক বৃদ্ধি ঘটলে তা অস্বাভাবিকভাবেই কমে। এতে করে বিনিয়োগকারীদের ক্ষতির আশঙ্কা বেশি থাকে।

>শেয়ারবাজার: সূচকের পাশাপাশি উভয় বাজারে লেনদেনের পরিমাণও খানিকটা কমেছে

মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারে কমবেশি সব ধরনের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারেরই দরপতন ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে স্বল্প মূলধনি কোম্পানির।
ঢাকার বাজারে গতকাল ৩৩০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮৮টিরই দাম কমেছে, বেড়েছে ৯৬টির আর অপরিবর্তিত ছিল ৪৬টির দাম। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে ছিল আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফিন্যান্স। এদিন ডিএসইতে এককভাবে কোম্পানিটির প্রায় ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। প্রতিটি শেয়ারের দাম আগের দিনের চেয়ে ১০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকা ১০ পয়সায়।
গত মঙ্গলবার লংকাবাংলা ফিন্যান্সের লভ্যাংশ ঘোষণার খবর স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। তাতে এটি লেনদেনের শীর্ষে উঠে এসেছে। ২০১৬ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস। নিয়ম অনুযায়ী, বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের পরই ঘোষিত এ লভ্যাংশ শেয়ারধারীদের মধ্যে বিতরণ করা হবে।
আইডিএলসি ইনভেস্টমেন্টসের তথ্য অনুযায়ী, দরপতনের দিনে গতকাল জীবনবিমা, খাদ্য ও আনুষঙ্গিক এবং বস্ত্র খাত ভালো অবস্থানে ছিল।
ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৮ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৬০ পয়সায়।
দিন শেষে গতকাল ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৫৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১২০ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে এদিন লেনদেন হয়েছে প্রায় ৬২ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম।