সাত ঘণ্টা পর লেনদেন নিষ্পত্তি
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভার বা নিয়ন্ত্রণযন্ত্রে কারিগরি ত্রুটির কারণে সাত ঘণ্টা পর শেয়ারবাজারের লেনদেন নিষ্পত্তি হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে লেনদেন চূড়ান্ত নিষ্পত্তি হয়। একটি ব্রোকারেজ হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বেলা আড়াইটায় লেনদেন শেষে সিডিবিএলের সার্ভারে ত্রুটি দেখা দেয়। এতে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো লেনদেন হওয়া শেয়ার চূড়ান্ত নিষ্পত্তি করতে পারছিল না।
এর আগে কাজী ইক্যুইটিজ লিমিটেডের সেটেলমেন্ট কর্মকর্তা ওয়াজিউদ্দিন জানিয়েছিলেন, বেলা আড়াইটার পর থেকে তাঁরা লেনদেন নিষ্পত্তির জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু সিডিবিএলের সার্ভারে সমস্যা হওয়া লেনদেন নিষ্পত্তি করতে পারছিলেন না তাঁরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. শাকিল রিজভী ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলেন।
এর আগে সিডিবিএলের কর্মকর্তারা জানিয়েছিলেন, তাঁরা সমস্যা সমাধানে কাজ করছেন।
শেয়ারবাজারে ইলেকট্রনিক শেয়ারের যেসব কেনা-বেচা হয়, দিন শেষে সেসব লেনদেনের চূড়ান্ত নিষ্পত্তি সম্পন্ন করে সিডিবিএল। প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণ করে থাকে।
আরও পড়তে ক্লিক করুন :
সার্ভারে ত্রুটি, লেনদেন নিষ্পত্তি করতে পারছেন না ব্রোকাররা