সাত দিনের মাথায় কিছুটা ঘুরল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের সপ্তাহে ২ দিন ও চলতি সপ্তাহে ৪ দিন মিলিয়ে ছয় কর্মদিবসের টানা দরপতন থেকে কিছুটা ঘুরে দাঁড়াল দেশের শেয়ারবাজার।
সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের ৬ দিনে পতন হয়েছিল ১৮০ পয়েন্ট। ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩০৪ কোটি ৩৭ লাখ টাকার সিকিউরিটিজ।
লেনদেনের শীর্ষে ছিল তিতাস গ্যাস। কোম্পানিটির ২৯ কোটি ৫২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক গতকাল ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩২ পয়েন্টে। লেনদেন হয়েছে ২০ কোটি ৪৪ লাখ টাকার সিকিউরিটিজ।
আইডিএলসি ইনভেস্টমেন্টের বিশ্লেষণে বলা হয়েছে, গতকালের বাজার ঘুরেছে মূলত মনস্তাত্ত্বিক কারণে। যদিও কারণের বিশদ বিবরণ দেয়নি আইডিএলসি।
এদিকে আগের দিন বুধবার সচিবালয়ে রাজস্ব সমন্বয় কমিটির বৈঠকে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম জানিয়েছিলেন, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি প্রধানের সঙ্গে অর্থমন্ত্রী বৈঠক করবেন।
বিএসইসি-ডিএসই বৈঠক: সাম্প্রতিক পতনের কারণ নিয়ে ডিএসই গতকাল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করেছে।
সূত্র জানায়, বৈঠকে ডিএসইর পক্ষ থেকে শেয়ারবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগসীমা সমন্বয়ের সময়সীমা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। এ ব্যাপারে ডিএসইকে লিখিত বক্তব্য দেওয়ার পরামর্শ দিয়েছে বিএসইসি।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা পরিশোধিত মূলধনের ২৫ শতাংশে নামিয়ে আনার বাধ্যবাধকতা রয়েছে। এ জন্য ২০১৬ সালের ২১ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় ব্যাংকগুলোকে।
তিতাসের দরপতন নিয়ে তদন্ত: গত এক মাসে তিতাস গ্যাসের শেয়ারের অস্বাভাবিক দরপতন হয়েছে। এর কারণ অনুসন্ধানে ডিএসইর দুই উপমহাব্যবস্থাপককে নিয়ে গতকাল একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত ১ সেপ্টেম্বর তিতাস গ্যাসের মুনাফা বিতরণ বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জানা গেছে, মূল্য সংবেদনশীল তথ্য হওয়া সত্ত্বেও তিতাস তা দুই স্টক এক্সচেঞ্জকে জানায়নি।
গতকাল তিতাস গ্যাসের শেয়ারের দর বৃদ্ধির কারণ সম্পর্কে আইডিএলসি বলেছে, বিইআরসির কাছে কোম্পানিটি ১ সেপ্টেম্বরের নির্দেশনা পুনর্বিবেচনার আবেদন করেছে। তিতাসের শেয়ারদর বৃদ্ধির পেছনে এর একটা প্রভাব থাকতে পারে।