সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ওই বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। তবে ওই বছরের জন্য কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা কোনো লভ্যাংশ নেবেন না।
গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল টাকা ৯৫ পয়সা। অন্যদিকে সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা, আগের বছর আয় হয়েছিল ৮৮ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।