সার্বিকভাবে লেনদেন ও মূল্যসূচক বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার লেনদেন বেড়েছে। সেই সঙ্গে একটি বাদে সব কটি সূচক বেড়েছে উভয় বাজারে।
পুঁজিবাজারে বিভিন্ন ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে—এমন খবরের পরিপ্রেক্ষিতে গতকাল লেনদেনে ইতিবাচক প্রভাব পড়ে বলে মনে করা হচ্ছে। গত রোববার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সচিবালয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতারা সাক্ষাৎ করতে গেলে তিনি শেয়ারবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন। এ খবর গতকাল শেয়ারবাজারে ছড়িয়ে পড়ে, লেনদেন ও সূচক বৃদ্ধিতে প্রভাব ফেলে। বৈঠকে শেয়ারবাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন প্রায় ৪৪৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট কেনাবেচা হয়েছে, যা আগের দিন রোববারের ৪২৭ কোটি ৬০ লাখ টাকার চেয়ে ১৮ কোটি টাকা বেশি।
গতকাল অবশ্য ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৪ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস-৩০ মূল্যসূচক শূন্য দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬১ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ
সূচক ২ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৪ পয়েন্ট ছাড়িয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক গতকাল ২০ দশমিক ১৫ পয়েন্ট কমে ১৪ হাজার ১৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর পাশাপাশি সিএসই-৩০ এবং সিএসই সিলেক্টেড সূচকও সামান্য বেড়েছে। সিএসইতে গতকাল মোট ২৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের ২৬ কোটি ৩৭ লাখ টাকার চেয়ে ১ কোটি ১৮ লাখ টাকা বেশি।
এদিকে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের এক পর্যালোচনা প্রতিবেদনে গতকালের বাজার সম্পর্কে বলা হয়েছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, স্কয়ার ফার্মা ও গ্রামীণফোনের মতো বড় বাজার মূলধনের কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি আকৃষ্ট হওয়ায় শেয়ারবাজারের সূচকে ইতিবাচক প্রভাব পড়ে।
ঢাকার বাজারে এদিন মোট ৩২৩টি কোম্পানির ১০ কোটি ১৩ লাখ শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৮৪টির ও অপরিবর্তিত ছিল ৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের।
ডিএসইতে খাতওয়ারি লেনদেনে টানা তৃতীয় দিনের মতো গতকালও শীর্ষে ছিল প্রকৌশল কোম্পানিগুলো। মোট লেনদেনের ২৩ দশমিক ৩ শতাংশই হয় এই খাতের শেয়ারগুলোর।
আর কোম্পানি হিসেবে এককভাবে সর্বোচ্চ ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে বিএসআরএম লিমিটেডের। ২২ কোটি টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় স্থান পায় বেক্সিমকো ফার্মা। লেনদেনের শীর্ষ দশ কোম্পানির বাকি আটটি হলো স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম স্টিল, সিঙ্গার বিডি, আমান ফিড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস ও সাইফ পাওয়ার।
শেয়ারের দর বৃদ্ধির দিক থেকেও এদিন শীর্ষস্থানে ছিল বিএসআরএম লিমিটেড। কোম্পানিটির শেয়ার বাড়ে ৯ দশমিক ১৯ শতাংশ। শেয়ারের দাম দ্বিতীয় সর্বোচ্চ ৮ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পায় প্রাইম লাইফ ইনস্যুরেন্স কোম্পানির। দর বৃদ্ধিতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে জেমীনি সী ফুড, বিডি ফাইন্যান্স, লিব্রা ইনফিউশন, ইস্টার্ন লুব্রিকেন্টস, এপেক্স স্পিনিং, ইউনাইটেড ইনস্যুরেন্স, এসআলম ও এএফসি এগ্রো।
অন্যদিকে ঢাকার বাজারে গতকাল শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে সাভার রিফ্রেক্টরিজের। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ শতাংশের বেশি। দর কমা শীর্ষ ১০ কোম্পানির অন্যগুলো হচ্ছে রিলায়েন্স ইনস্যুরেন্স, সোনারবাংলা ইনস্যুরেন্স, দুলামিয়া কটন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সমতা লেদার, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, কে অ্যান্ড কিউ এবং আইটিসি।