সার্ভারে ত্রুটি, লেনদেন নিষ্পত্তি করতে পারছেন না ব্রোকাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভার বা নিয়ন্ত্রণযন্ত্রে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে আজ বৃহস্পতিবার শেয়ারবাজারের লেনদেন চূড়ান্ত নিষ্পত্তি করতে পারছে না ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো।

একাধিক ব্রোকারেজ হাউস সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় লেনদেন শেষ হওয়ার পর থেকে তারা সিডিবিএলের সার্ভারে লগইন করতে পারছেন না।
এ ব্যাপারে কাজী ইক্যুইটিজ লিমিটেডের সেটেলমেন্ট কর্মকর্তা ওয়াজিউদ্দিন রাত আটটার দিকে জানান, বেলা আড়াইটার পর থেকে তাঁরা লেনদেন নিষ্পত্তির জন্য অপেক্ষা করছেন। কিন্তু সিডিবিএলের সার্ভারে সমস্যা হওয়া লেনদেন নিষ্পত্তি করতে পারছেন না।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. শাকিল রিজভী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিডিবিএলের কর্মকর্তারা জানিয়েছেন, সমস্যা সমাধানে কাজ চলছে। যেকোনো মুহূর্তে এ সমস্যার সমাধান হয়ে যাবে।
প্রসঙ্গত, শেয়ারবাজারে ইলেকট্রনিক শেয়ারের যেসব কেনাবেচা হয় দিন শেষে সেসব লেনদেনের চূড়ান্ত নিষ্পত্তি সম্পন্ন করে সিডিবিএল। প্রতিষ্ঠানটির ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণ করে থাকে।