সাড়ে সাত মাসের ব্যবধানে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ১ হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল বুধবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪২৪ কোটি টাকা। গত সাড়ে সাত মাসের ব্যবধানে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ২৫ জানুয়ারি ঢাকার বাজারে ১ হাজার ৫২৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।
এদিকে লেনদেন বাড়ার পাশাপাশি গতকাল ডিএসইতে আবারও সূচক ও বাজার মূলধনে রেকর্ড হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৮৫ পয়েন্টে। আর বাছাই করা ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১২ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছে। এ ছাড়া শরিয়াভিত্তিক ডিএসইএস সূচকটি প্রায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছে। দিন শেষে ডিএসইর বাজার মূলধন বেড়ে ৪ লাখ ১২ হাজার ৪০৭ কোটি টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডিএসইর সূচক ৬ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করার পর বাজারে নতুন করে গতি সঞ্চার হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে আগ্রহ বেড়েছে। এ কারণে নতুন করে বাজারে বিনিয়োগ আসছে।
মূলত ব্যাংক খাত এবং টেলিকম খাতের তালিকাভুক্ত একমাত্র কোম্পানি গ্রামীণফোনের শেয়ারের মূল্যবৃদ্ধি সূচক ও লেনদেন বাড়ানোর পেছনে বড় ভূমিকা রেখেছে। ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩০ ব্যাংকের মধ্যে ২৬টিরই দাম বেড়েছে, কমেছে ১টির আর অপরিবর্তিত ছিল ৩টির দাম। ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই ছিল ব্যাংক। আর মূল্যবৃদ্ধির শীর্ষ কোম্পানিটিও ছিল ব্যাংক খাতের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ১৩৮ পয়েন্ট বেড়েছে। সেখানে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি টাকা বেশি।