সাড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসইএক্স
সাড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে হয় ৪৬০১ পয়েন্ট। এর আগে গত ২৬ জানুয়ারি ডিএসইএক্স সূচক অবস্থান করে ৪৬১০ পয়েন্টে। তবে সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে। অন্যদিকে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
কোরবানি ঈদের আগে দেশের দুই পুঁজিবাজারে আজ শেষ কার্যদিবস ছিল। কাল থেকে নয় দিন বন্ধ থাকবে পুঁজিবাজারের কার্যক্রম।
ডিএসইতে আজ মোট লেনদেন হয় ৪৮০ কোটি ৭৪ লাখ টাকা, যা গত দিনের চেয়ে প্রায় ১৮ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৯৮ কোটি ৬০ লাখ টাকার।
চলতি সপ্তাহে প্রত্যেক কার্যদিবসেই সূচক বেড়েছে ডিএসইতে। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ডিএসইএক্স সূচক বেড়েছে মোট ৪৪ পয়েন্ট। এ সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ২ হাজার ৩৬১ কোটি টাকা, যা গত সপ্তাহের চেয়ে ১৩৮ কোটি টাকা বেশি। গত সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ২২৩ কোটি টাকা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, জিপিএইচ ইস্পাত ও ন্যাশনাল টিউবস লিমিটেড।
আজ ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৩টির। অপরিবর্তিত আছে ৫৮টির দাম।
সিএসইতে আজ সার্বিক সূচক বেড়েছে ২৮ দশমিক ৪১ পয়েন্ট। গত কার্যদিবসে সার্বিক সূচক বাড়ে ৮২ দশমিক ০৬ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ২৭ কোটি ৭২ লাখ টাকা, যা গত দিনের চেয়ে এক কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেন হয় ২৬ কোটি ৯৪ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১১৬টির, অপরিবর্তিত আছে ৩০টির।