সিঅ্যান্ডএ টেক্সটাইলের আইপিও অনুমোদন
সিঅ্যান্ডএ টেক্সটাইল নামে বস্ত্র খাতের নতুন আরেকটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত মঙ্গলবারের সভায় এ অনুমোদন দেওয়া হয়। একই সভায় তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি বা বিআইএফসির অধিকারমূলক বা রাইট শেয়ারেরও অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসি এ তথ্য জানিয়েছে।
বিএসইসি জানিয়েছে, সিঅ্যান্ডএ টেক্সটাইল আইপিওর মাধ্যমে সাড়ে চার কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৪৫ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেস ভ্যালুতে এ শেয়ার বিক্রি করা হবে। বাজার থেকে সংগৃহীত টাকা কোম্পানিটি ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ শোধে ব্যয় করবে। আইপিও আবেদনের সঙ্গে কোম্পানিটি ২০১৩ সালের ডিসেম্বরে সমাপ্ত বছরের যে আর্থিক প্রতিবেদন দাখিল করেছে তাতে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে এক টাকা ৭৮ পয়সা। এটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার কাজ করছে এএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল।
এদিকে কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০১ সালের ফেব্রুয়ারিতে ব্যক্তি উদ্যোগের কোম্পানি হিসেবে এটির যাত্রা শুরু হয়। ২০১৩ সালের ডিসেম্বরে এসে এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। আর এটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২০০৩ সালে। চট্টগ্রামের কালুরঘাটে বিসিক শিল্পনগরীর সাতটি প্লট নিয়ে শতভাগ রপ্তানিমুখী এ শিল্প প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। সিঅ্যান্ডএ ফ্যাশন এবং নিট এক্সপ্রেস নামে কোম্পানিটির দুটি তৈরি পোশাক নির্মাণকারী সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও দুজন পরিচালক নিয়ে গঠিত কোম্পানিটির চার সদস্যের পরিচালনা পর্ষদ।