সিএসই-৩০ সূচকে নতুন চার কোম্পানি
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিলেকটিভ ইনডেক্স বা বাছাই সূচক ‘সিএসই-৩০’ পুনঃসমন্বয় করা হচ্ছে। এর ফলে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ওই সূচক থেকে চারটি কোম্পানি বাদ পড়ছে। এর পরিবর্তে যুক্ত হচ্ছে নতুন চারটি কোম্পানি। আজ রোববার থেকে সূচকের এ সমন্বয় কার্যকর করা হবে।
সিএসইর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সে অনুযায়ী বাছাই সূচকে যে চারটি নতুন কোম্পানি যুক্ত হচ্ছে সেগুলো হলো জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, এমআই সিমেন্ট, পূবালী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আর যে চারটি কোম্পানি এ সূচক থেকে বাদ পড়ছে সেগুলো হলো অ্যাপেক্স ফুটওয়্যার, অ্যাপেক্স ট্যানারি, ওরিয়ন ফার্মা ও সিঙ্গার বাংলাদেশ।
সূচকে অন্তর্ভুক্ত অপর ২৬ কোম্পানি হলো এবি ব্যাংক, এসিআই, আফতাব অটোমোবাইলস, এএমসিএল (প্রাণ), বাটা শুঞ কোম্পানি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, যমুনা অয়েল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লিন্ডে বাংলাদেশ, মেঘনা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইলস, তিতাস গ্যাস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, উত্তরা ব্যাংক ও উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
সিএসই আরও জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করে সুনির্দিষ্ট কিছু নীতিমালার ভিত্তিতে ‘সিএসই-৩০ সূচকে’ অন্তর্ভুক্তির জন্য বছরে দুবার এ সূচক সমন্বয় করা হয়।