সিএসইতে নতুন লোগো

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে নতুন লোগো সংযোজন করা হয়েছে। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করেন সিএসইর চেয়ারম্যান আবদুল মজিদ। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লোগো উন্মোচন অনুষ্ঠানে সিএসইর চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, সিএসই সব সময় নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে থাকতে চায়। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠার প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো লোগো পরিবর্তন করা হচ্ছে, যা সিএসই ডিমিউচুয়ালাইজেশনের পর নতুন মাত্রার বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন বলেন, বেশ কয়েকটি রঙের সম্মিলিত এক গ্রাফিক্যাল ওয়েভ ব্যবহৃত হয়েছে এই লোগোতে। যা ফিবোনাচ্চি ব্র্যান্ডস নামে বিশ্ব পুঁজিবাজারে পরিচিত। একই সঙ্গে কোম্পানির শেয়ার বিশ্লেষণের জন্য বেশ জনপ্রিয়। তিনি আরও বলেন, এই ফিবোনাচ্চি সিকোয়েন্সগুলোকে বলা হয় ম্যাজিক নাম্বার। যা একটি সোনালি ও সফল ভবিষ্যতের প্রতীক এবং ম্যাথ ম্যাজিশিয়ানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
ওয়ারি-উল-মারুফ মতিন আরও বলেন, এ লোগোতে প্রধানত টারকুইস রং ব্যবহার করা হয়েছে, যা পুঁজিবাজারের প্রতি সিএসইর জ্ঞান, সৃজনশীলতা, ধৈর্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহারকে প্রকাশ করেছে। রঙের মনোবিদ্যা হিসেবে এই রংটি হৃদয় ও কথার জগতের মধ্যে যোগাযোগ তৈরি করে। এই রং আবেগ ও বাস্তবতার মধ্যে এক চমৎকার সমন্বয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিএসইর পরিচালক মো. শফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।