সিএসইর আয়োজনে পুঁজিবাজার মেলা ৮-৯ অক্টোবর
পঞ্চমবারের মতো পুঁজিবাজার মেলার আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আগামী ৮ ও ৯ অক্টোবর চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।
সিএসই গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, দুই দিনের এ মেলায় স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংক, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বিমাসহ বিভিন্ন কোম্পানি অংশগ্রহণ করবে। পাশাপাশি থাকবে পুঁজিবাজার বিষয়ে আলোচনা ও সেমিনার। এবারের মেলায় ২০ হাজার দর্শনার্থী সমাগমের প্রত্যাশা নিয়ে সিএসই কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিএসইর উদ্যোগে ২০০৫ সালে প্রথম চট্টগ্রামে পুঁজিবাজার মেলা অনুষ্ঠিত হয়।
সিএসই বলছে, শেয়ারবাজার বিষয়ে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দেশে-বিদেশে বাংলাদেশের শেয়ারবাজারের সম্ভাবনা, বিনিয়োগের খুঁটিনাটি বিভিন্ন বিষয় তুলে ধরতে বড় পরিসরে এই মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।