চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত দুই ট্রেকহোল্ডার (টিআরইসি-ট্রেডিং রাইটস এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বা ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো মহারম সিকিউরিটিজ ও জালালাবাদ সিকিউরিটিজ।
দুই প্রতিষ্ঠানের মধ্যে মহারম সিকিউরিটিজের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। আর জালালাবাদ সিকিউরিটিজের প্রধান কার্যালয় বাদে সব শাখার কার্যক্রম স্থগিত ও প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিএসইর পরিচালনা পর্ষদের গতকাল বুধবারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সিএসইর নিয়মিত তদন্তকাজে অসহযোগিতার দায়ে স্টক এক্সচেঞ্জের আইনি ক্ষমতাবলে শাস্তিমূলক এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কার্যক্রম স্থগিত করায় প্রতিষ্ঠান দুটির বিনিয়োগকারীরা ওই প্রতিষ্ঠান দুটির মাধ্যমে লেনদেনে অংশ নিতে পারবেন না। তবে নির্ধারিত প্রক্রিয়া শেষে ওই প্রতিষ্ঠানে সংরক্ষিত শেয়ার অন্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করার সুযোগ রয়েছে। দুই প্রতিষ্ঠানে কী পরিমাণ সক্রিয় বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
সিএসইর সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, জালালাবাদ সিকিউরিটিজের বিরুদ্ধে বিনিয়োগকারীদের শেয়ার চুরির অভিযোগ রয়েছে। আর মহারম সিকিউরিটিজ কর্তৃপক্ষ সিএসইর নিয়মিত তদন্তকাজের ক্ষেত্রেও অসহযোগিতা করে আসছিল। ফলে চূড়ান্তভাবে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম স্থগিত বা সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় সিএসই।
এদিকে দেশের শেয়ারবাজারে গতকাল মূল্যসূচক বাড়লেও লেনদেন খানিকটা কমে গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে প্রায় ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৪৫ পয়েন্টে। আর লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৯৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৮০ কোটি টাকা কম।
সিএসইর সার্বিক সূচকটি এদিন ১০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২০৮ পয়েন্টে। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানই মূলত গতকালের বাজারে আধিপত্য বিস্তার করেছে। লেনদেনেও ছিল এ দুই খাতের প্রাধান্য। ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৯ শতাংশ ছিল ব্যাংক খাতের অবদান। আর ডিএসইর মোট লেনদেনের ১৬ শতাংশ ছিল আর্থিক খাতের লেনদেন হওয়া কোম্পানিগুলোর।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল ওয়ান ব্যাংক আর দ্বিতীয় স্থানে ছিল বিডি ফিন্যান্স। এ দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রথমটি ব্যাংক খাতের আর দ্বিতীয়টি আর্থিক খাতের কোম্পানি।