সিএসইর লেনদেন মাশুল কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের ওপর লাগা চার্জ বা মাশুল কমানো হয়েছে; যা আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে। সিএসইর পরিচালনা পর্ষদ গতকাল সোমবার এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।
আগে সিএসইতে ১০০ টাকার লেনদেন করলে বিনিয়োগকারীদের ২৫ পয়সা মাশুল দিতে হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিনিয়োগকারীদের এখন এক থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত লেনদেনে প্রতি ১০০ টাকায় ১৮ পয়সা হারে মাশুল দিতে হবে। আর পাঁচ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেনে শতকরা ১৫ পয়সা ও ১০ কোটি টাকার ওপর লেনদেনে শতকরা ১৩ পয়সা হারে মাশুল নির্ধারণ করা হয়েছে।
টাকার অংকে লেনদেনের ভিত্তিতে বিনিয়োগকারীদের ব্রোকারেজ হাউসে যে মাশুল দিতে হয়, সেটিকে লাগা চার্জ বা মাশুল হিসেবে বিবেচনা করা হয়।
গতকাল সিএসইর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সিএসইতে প্রতি হাওলায় কনট্রাক্ট বা হাওলা চার্জ হবে দুই টাকা। এ ছাড়া সিএসইর ব্রোকাররা প্রতি লেনদেনের ওপর ব্রোকারেজ কমিশন ১ শতাংশ বা ৮ টাকার বেশি নেবেন না।
এ ব্যাপারে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মতিন বলেন, নতুন সিদ্ধান্তের ফলে লেনদেনে ইতিবাচক পরিবর্তন আসবে।
বাজারে ইতিবাচক প্রবণতা: আগের দিনের নিম্নমুখী প্রবণতার পর গতকাল রোববার দেশের শেয়ারবাজারে খানিকটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে দুই বাজারে।
প্রধান শেয়ারবাজার ডিএসইতে গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৬৮ পয়েন্ট। এর আগে দিনের শুরুতে ইতিবাচক প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ৩৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বৃদ্ধির হার কমলেও দিন শেষে তা ইতিবাচকই থাকে। আগের দিন রোববার ডিএসইতে সূচক কমেছিল ৬ পয়েন্ট।
ডিএসইতে গতকাল ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের চেয়ে ১৪১টির দাম বেড়েছে, কমেছে ১১৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এদিন এই বাজারে মোট ২৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন রোববারের ২৩৭ কোটি টাকার চেয়ে ৩০ কোটি টাকা বেশি।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক এদিন ২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৭৬ পয়েন্টে উঠেছে। এই বাজারে মোট ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের তুলনায় ১১৪টির দাম বেড়েছে, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২ কোটি টাকার শেয়ার; যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি। আগের দিন এই বাজারে ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্কয়ার ফার্মা, আইডিএলসি, আরএকে সিরামিকস, কেয়া কসমেটিকস, অগ্নি সিস্টেমস, বেক্সিমকো ফার্মা, এমজেএল বিডি ও তুংহাই নিটিং অ্যান্ড ডাইং।