সিএসইর সাধারণ সভায় লভ্যাংশ নিয়ে অসন্তোষ
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ঘোষিত লভ্যাংশ নিয়ে অসন্তোষ জানিয়েছেন সংস্থাটির শেয়ারধারীরা। একই সঙ্গে সংস্থাটির বর্তমান পরিচালনা পর্ষদের কাজেও অসন্তোষ প্রকাশ করেন একাধিক শেয়ারধারী।
সিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গতকাল শনিবার শেয়ারধারীরা অসন্তোষ প্রকাশ করেন। সিএসইর চট্টগ্রাম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি মোহাম্মদ আবদুল মজিদ।
সভায় উপস্থিত একাধিক পরিচালক ও শেয়ারধারীর সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ শেয়ারধারীর দাবি ছিল ১০ শতাংশ নগদ লভ্যাংশ। কিন্তু সংস্থাটির পরিচালনা পর্ষদ শেয়ারধারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এ ছাড়া সভায় একজন শেয়ারধারী সিএসইর সভাপতির পদত্যাগও দাবি করেন।
নিয়ম অনুযায়ী, পর্ষদের ঘোষিত লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় অনুমোদন করিয়ে নিতে হয়। কিন্তু গতকাল লভ্যাংশ অনুমোদনের বিষয়টি উত্থাপিত হলে বেশ কয়েকজন শেয়ারধারী তাতে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় ৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দাবি করা হয়। তবে কোম্পানি আইনের বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত চাপের মুখেও এ লভ্যাংশ বাড়ানো সম্ভব হয়নি। জানা গেছে, শেয়ারধারীদের ৬ শতাংশ লভ্যাংশ দিতে সিএসইর প্রায় ৩৭ কোটি টাকা খরচ হবে।
এজিএমে সিএসইর বর্তমান পরিচালনা পর্ষদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন একাধিক শেয়ারধারী। তাঁরা বলেন, আয়ের চেয়ে ব্যয় বাড়লেও সিএসইর তেমন কোনো উন্নয়ন হয়নি। এমনকি স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা হওয়ার (ডিমিউচুয়ালাইজেশন) পর কৌশলগত বিনিয়োগকারী বা স্ট্র্যাটেজিক পার্টনারের জন্য রাখা নির্ধারিত শেয়ার বিক্রির ক্ষেত্রেও কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।
এজিএমে পর্ষদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সংস্থাটির সাবেক সভাপতি নাছির উদ্দিন চৌধুরী। জানতে চাইলে তিনি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘নেতৃত্বের ব্যর্থতার কারণে গত কয়েক বছরে সিএসইর তেমন কোনো উন্নতি হয়নি। উল্টো আয়ের চেয়ে ব্যয় বেড়েছে। আর লেনদেনের পরিমাণও কমে অনেক নিচে নেমে গেছে। তাই এসব বিষয় নিয়ে সভায় আমিসহ একাধিক শেয়ারধারী আমাদের মতামত তুলে ধরেছি।’
এজিএমের আগে সিএসইর একটি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে শেয়ারধারীদের সরাসরি ভোটে এমদাদুল ইসলাম পরিচালক নির্বাচিত হন। তিনি সদ্যবিদায়ী পরিচালক মো. মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।