সিডিবিএলের যন্ত্রের ত্রুটিতে লেনদেন নিষ্পত্তিতে সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভার বা নিয়ন্ত্রণযন্ত্রে কারিগরি ত্রুটির কারণে গতকাল বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেনের চূড়ান্ত নিষ্পত্তিতে সমস্যা হয়েছে। দিনের লেনদেন শেষে এ সমস্যা দেখা দেয়। ফলে রাত আটটা পর্যন্ত লেনদেন হওয়া শেয়ারের চূড়ান্ত নিষ্পত্তি সম্পন্ন হয়নি।
সিডিবিএল পুঁজিবাজারের ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণকারী একটি প্রতিষ্ঠান। প্রতিদিন শেয়ারবাজারে যেসব কেনাবেচা হয়, দিন শেষে সেসব লেনদেনের চূড়ান্ত নিষ্পত্তি সম্পন্ন করে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে গত রাত আটটায় সিডিবিএলের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির শীর্ষ এক নির্বাহী প্রথম আলোকে জানান, সমস্যা সমাধানে সব ধরনের উদ্যোগই নেওয়া হয়েছে। এর আগেও একাধিকবার সিডিবিএলের নিয়ন্ত্রণযন্ত্রে কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে করে যথাসময়ে লেনদেন নিষ্পত্তিতে বিঘ্ন ঘটে। এমনকি এ কারণে লেনদেন বন্ধ রাখার ঘটনাও অতীতে ঘটেছে। তবে সমস্যার সমাধানও করা হয়েছে।
রাত সোয়া নয়টার দিকে সমস্যার সমাধান হয়েছে বলে জানা গেছে।
সাধারণত দিনের কেনাবেচা শেষে ব্রোকারেজ হাউসের নিজস্ব নিকাশ (ক্লিয়ারিং) হিসাব থেকে গ্রাহকের হিসাবে এবং গ্রাহক হিসাব থেকে ব্রোকারেজ হাউসের নিকাশ হিসাবে শেয়ার স্থানান্তরের মাধ্যমে লেনদেনের চূড়ান্ত নিষ্পত্তি করা হয়।
এদিকে গতকালও দেশের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৫৫৭ পয়েন্টে। গত ছয় মাসের ব্যবধানে এটিই ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ গত বছরের ১ সেপ্টেম্বর ডিএসইএক্স ৪ হাজার ৫৫৫ পয়েন্টে নেমেছিল।
তবে সূচক কমলেও ঢাকার বাজারে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩২৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৮ কোটি টাকা বেশি। এদিন ঢাকার বাজারে ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম কমেছে ১৭২টির, বেড়েছে ৯০টির ও অপরিবর্তিত ছিল ৪৬টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক গতকাল ১০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৯৪৩ পয়েন্টে। ওই বাজারে ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম কমেছে ১৪১টির, বেড়েছে ৬২টির আর অপরিবর্তিত ছিল ২৮টির। দিন শেষে ওই বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা কম।