সিদ্ধান্তহীন বৈঠকের খবরে বড় পতন শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকটি গতকাল কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এমনকি মঙ্গলবারের এ বৈঠক নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি। যদিও অর্থ মন্ত্রণালয়ের এ বৈঠককে ঘিরে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে একধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতা না মেলায় আজ বুধবার বড় পতন হয়েছে শেয়ারবাজারে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ এক দিনেই ৯৭ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ কমে গেছে। তাতে দিন শেষে এ সূচক আবারও ৭ হাজার পয়েন্টের মাইলফলকের নিচে নেমে এসেছে। গতকাল এ সূচক ৭ হাজার ৪৯ পয়েন্টের অবস্থানে। গতকাল বৈঠকের দিনে ডিএসইএক্স সূচকটি ৭০ পয়েন্ট বেড়েছিল।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত পুঁজিবাজারবিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), জাতীয় রাজস্ব বোর্ডসহ একাধিক নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি অংশ নেন। এ সভাকে ঘিরে বেশ কয়েক দিন ধরে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে একধরনের প্রত্যাশা তৈরি হয়। বেশির ভাগ বিনিয়োগকারী মনে করেছিলেন, এ সভায় বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির শীর্ষ ব্যক্তিরা অংশ নেবেন এবং গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হতে পারে। কিন্তু গতকালের বৈঠকে দুই সংস্থার শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন না। ফলে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি বৈঠক শেষে সাংবাদিকদেরও আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানাননি। ফলে বিনিয়োগকারীরা হতাশ হন। যার প্রতিফলন আজ শেয়ারবাজারে পড়েছে।

ঢাকার বাজারে আজ লেনদেন হওয়া ৩৭৪ প্রতিষ্ঠানের মধ্যে ২৫৭টিরই দাম কমেছে। বেড়েছে ৯৭টির আর অপরিবর্তিত ছিল ২০টির। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে বাজারে। ডিএসইতে আজ দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৫২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৭৯ কোটি টাকা কম।