সূচক ও দৈনন্দিন লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। গত কার্যদিবসের চেয়ে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ লেনদেনের শুরুতেই সূচক বাড়তে থাকে ডিএসইতে। তবে বেলা সাড়ে ১১টার দিকে প্রধান সূচক ডিএসইএক্স কিছুটা কমলেও পরে আবার বাড়তে থাকে।

ডিএসইতে আজ লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৪৭০৯ পয়েন্ট হয়েছে। মোট লেনদেন ছাড়িয়েছে ৪৮৩ কোটি ৮৩ লাখ টাকা। যা গতদিনের চেয়ে ৭৬ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেন হয় ৪০৭ কোটি ৯১ লাখ টাকা।

আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, অলিম্পিক, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।

ডিএসইতে আজ ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৫টির। অপরিবর্তিত ৫১টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ৪৯ দশমিক ২১ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ২১ লাখ টাকা, যা গত কার্যদিবসের চেয়ে ১১ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি ৮৩ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১০০টির, অপরিবর্তিত ৩১টির।