সূচক ও লেনদেন আরও কমেছে শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার সূচক ও লেনদেন উভয়ই কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ৩৬ পয়েন্ট কমে নেমে এসেছে ৫ হাজার ৭০০ পয়েন্টে। ৪ এপ্রিল ডিএসইর প্রধান এ সূচকটি ৫ হাজার ৭৭৭ পয়েন্টে ওঠার পর থেকে গত তিন দিন এটি নেতিবাচক ধারায় রয়েছে। ফলে গত তিন দিনে ডিএসইএক্স সূচকটি ৭৬ পয়েন্ট কমেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দিন শেষে ডিএসইর লেনদেন কমে নেমে এসেছে ৭৭৭ কোটি টাকায়, যা আগের কার্যদিবসের চেয়ে ২৩৯ কোটি টাকা কম। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সূচক সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর কিছুটা সংশোধনী ধারায় রয়েছে। কারণ, অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নিয়ে কম দামে থাকা সিকিউরিটিজে বিনিয়োগ করছেন।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারে টেলিকম খাত ছিল মূল্যবৃদ্ধির শীর্ষে। আর লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক খাত। ডিএসইর মোট লেনদেনের এক-চতুর্থাংশই ছিল এ খাতের। এ খাতের লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে নেতৃত্বে ছিল ব্র্যাক ব্যাংক, দি সিটি ব্যাংক ও ওয়ান ব্যাংক।
এদিকে ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ৪ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা কমে দাঁড়িয়েছে ৪২ টাকা ২০ পয়সায়।