সূচক ও লেনদেন কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে আবার সূচক ও লেনদেন কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেন আগের দিনের চেয়ে ৯৩ কোটি টাকা কমে গেছে। এদিন সূচক কমেছে ১৭ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১৯ কোটি টাকা। আর সার্বিক সূচক কমেছে ৪৫ পয়েন্ট।
দুই বাজারে গত মঙ্গলবার সূচক ও লেনদেন বেড়েছিল। এক দিন পরই দরপতন ঘটেছে উভয় বাজারে। ঢাকার বাজারে মঙ্গলবার চলতি বছরের মধ্যে সর্বোচ্চ ৪৫৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। আর চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৪৫ কোটি টাকা।
এদিকে তালিকাভুক্তির পর দ্বিতীয় দিনেও দাম কমেছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের। এদিন মিউচুয়াল ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম প্রায় পৌনে ৭ শতাংশ বা ৫০ পয়সা কমে নেমে এসেছে ৬ টাকা ৯০ পয়সায়। মঙ্গলবার থেকে দেশের শেয়ারবাজারে এ মিউচুয়াল ফান্ডটির লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম দিনে এটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি ইউনিটের দাম নেমে আসে ৭ টাকা ৪০ পয়সায়। পরপর দুই দিনের দরপতনে এটির ইউনিটধারীরা লোকসানের মুখে পড়েছেন।
লেনদেনের প্রথম দিনে ৫০০ ইউনিট নিয়ে গঠিত ফান্ডটির প্রতি লটে লোকসানের পরিমাণ ছিল ১ হাজার ৩০০ টাকা। গতকাল প্রাথমিক গণপ্রস্তাব আইপিওতে বিজয়ী যেসব ইউনিটধারী এটির ইউনিট বিক্রি করেছেন, প্রতি লটে তাঁদের লোকসান গুনতে হয়েছে সর্বনিম্ন ১ হাজার ৪৫০ থেকে সর্বোচ্চ ১ হাজার ৮০০ টাকা। কারণ, এদিন ফান্ডটির প্রতিটি ইউনিট লেনদেন হয়েছে সর্বনিম্ন ৬ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৭ টাকা ১০ পয়সায়।
অন্যদিকে লভ্যাংশ ঘোষণার প্রভাবে গতকাল তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিলের শেয়ারেরও দরপতন ঘটেছে। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৬ শতাংশ বা ৪ টাকা ৭০ পয়সা কমে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৮০ পয়সা। গত মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়। গতকাল এ ঘোষণা দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত হয়। তাতে এদিন লেনদেনের শুরু থেকে কোম্পানিটির শেয়ারের দর কমতে থাকে। ২০১৩ সালেও কোম্পানিটি শেয়ারধারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। লভ্যাংশের পরিমাণ একই থাকলেও ২০১৩ সালের চেয়ে ২০১৪ সালে আয় কমেছে কোম্পানিটির। ২০১৩ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ২ টাকা ৭৭ পয়সা। আর ২০১৪ সালে তা কমে হয়েছে ২ টাকা ৪০ পয়সা।
ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স গতকাল কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫১৩ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৮টিরই দাম কমেছে, বেড়েছে ৯৮টির আর অপরিবর্তিত ছিল ৪৮টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৬০ কোটি টাকা। লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে মবিল যমুনা লুব্রিকেন্টস, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, এসিআই ও শাশা ডেনিমস।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৮১৯ পয়েন্টে। এদিন চট্টগ্রামের বাজারে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৪টিরই দাম কমেছে, বেড়েছে ৭৩টির আর অপরিবর্তিত ছিল ২৫টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি টাকা।