সূচক ও লেনদেন কমেছে ডিএসইতে
সূচক ও লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস সূচক ও লেনদেনের পাশাপাশি বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর কমেছে ডিএসইতে।
আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক সামান্য কমে হয়েছে ৪৬৭২ পয়েন্ট। গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩৯ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে হয় ৪৬৭২ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৬৮ লাখ টাকা, যা গতদিনের চেয়ে ৩৫ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫০৩ কোটি টাকা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো কনফিডেন্স সিমেন্ট, ডরিন পাওয়ার, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়্যার, নাভানা সিএনজি, পেনিনসুলা, শাশা ডেনিমস ও লাফার্জ সুরমা সিমেন্ট। ডিএসইতে আজ ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৬ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৮ টির। অপরিবর্তিত ৫০ টির দাম।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ১৪ দশমিক ৫৯ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ২৭ কোটি ২১ লাখ টাকা, যা গত কার্যদিবসের চেয়ে ৩ কোটি টাকা কম। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩০ কোটি ৭৩ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০৬ টির, কমেছে ৯৬ টির, অপরিবর্তিত ৩৪ টির।