সূচক ও লেনদেন কমেছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহজুড়েই একটা মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। চলতি সপ্তাহের প্রথম চার কার্যদিবসে প্রধান সূচক দুই দিন বেড়েছে এবং দুই দিন কমেছে। লেনদেনের বেশ ভালো গতি লক্ষ করা গেছে চার দিনই।

আজ বুধবার ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৩৯ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ১ হাজার কোটি টাকা, যা গতকালের চেয়ে প্রায় ১৩৯ কোটি টাকা কম। আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৮৫টির, অপরিবর্তিত আছে ৩৭টির দর। গতকাল মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ২৭ পয়েন্ট। মোট লেনদেন হয় ১ হাজার ১৩৯ কোটি টাকা।

বাজার বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনের পর বাজার বেশ ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে বিনিয়োগ নিয়ে আসছেন। সূচক বাড়ছে। বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাই কিছুটা মূল্য সংশোধন হচ্ছে।

আজ লেনদেনের শীর্ষে রয়েছে যে ১০ কোম্পানি, সেগুলো হলো খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, অলিম্পিক, ঢাকা ব্যাংক লিমিটেড, জেএমআই সিরিঞ্জেস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইউনাইটেড ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফার্মাএইড, অগ্রণী ইনস্যুরেন্স ও বিবিএস কেবলস।

দর বাড়ার শীর্ষে যে ১০ কোম্পানিগুলো আছে, সেগুলো হলো ইস্টার্ন ইনস্যুরেন্স, কর্ণফুলী, তাকাফুল ইনস্যুরেন্স, অগ্রণী ইনস্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইউনাইটেড ফাইন্যান্স, ইস্টল্যান্ড, আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

দর কমার শীর্ষে যে ১০ কোম্পানিগুলো আছে, সেগুলো হলো নিটল ইনস্যুরেন্স, এমএল ডায়িং, মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড, ইমাম বাটন, জেএমআই সিরিঞ্জেস, গোল্ডেন সন, কাত্তালি টেক্সটাইল লিমিটেড, অলিম্পিক, উসমানিয়া গ্যালভানাইজিং ও ফোনেক্স ইনস্যুরেন্স।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯০০ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।