সূচক ও লেনদেন কমেছে ঢাকার পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ মঙ্গলবার সূচক ও লেনদেন উভয়ই কমেছে ঢাকার পুঁজিবাজারে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৪৫৬৭ পয়েন্ট হয়। মোট লেনদেনের পরিমাণ ৪৫৪ কোটি টাকা, যা তার আগের কার্যদিবসের তুলনায় ৯ কোটি টাকা কম। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৬৩ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, গত দু–তিন দিন ধরেই বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এ ছাড়া আজ বাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানের দর বাড়লেও তিতাস গ্যাসের দাম কমতে দেখা গেছে—যার কিছুটা প্রভাব পড়েছে বাজারে। তিতাস গ্যাসের বিতরণ চার্জ বাড়ানোর বিষয়ে একটা অনিশ্চয়তা আছে, তাই এই কোম্পানির শেয়ারের দর কমেছে।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো ডেলটা ব্র্যাক হাউজিং, তিতাস গ্যাস, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, বিএসআরএম স্টিল, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড, স্কয়ার ফার্মা, মিথুন নিটিং, ইন্ডাস্ট্রিয়াল প্রম অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি, লাফার্জ সুরমা সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ লিমিটেড
ডিএসইতে আজ হাতবদল হওয়া ৩২৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩২টির। অপরিবর্তিত আছে ৫৯টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে ১ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ২৬ কোটি টাকা।