সূচক ও লেনদেন কমেছে দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ১ দশমিক ১৮ পয়েন্ট কমে। আর লেনদেনও গতকালের চেয়ে ২৩ কোটি ৪৫ লাখ টাকার কম হয়।

অন্যদিকে সিএসইতে আজ সার্বিক সূচক কমেছে ২৮ দশমিক ৪৪ পয়েন্ট। একই সঙ্গে গতকালের চেয়ে এক কোটি টাকার কম লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আজ সূচক অবস্থান করছে ৪৫৭৭ পয়েন্টে। গত কার্যদিবসে ডিএসইএক্স সূচক ৬ পয়েন্টের মতো কমেছিল। লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ২৪ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৬৯ লাখ টাকার।

ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো কেয়া কসমেটিকস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ডেলটা লাইফ ইনস্যুরেন্স, বিএসআরএম স্টিল লিমিটেড, আমান ফিড ও স্কয়ার ফার্মা।

আজ ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩০টির। অপরিবর্তিত আছে ৮২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক কমেছে ২৮ দশমিক ৪৪ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৭১ লাখ টাকা। হাতবদল হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২৩টির, অপরিবর্তিত আছে ৪৬টির দর। সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট