সূচক ও লেনদেন কমেছে দুই পুঁজিবাজারে
সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ লেনদেনের শুরুতে ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে সূচক। এ ছাড়া লেনদেনের পরিমাণ কমেছে দুই পুঁজিবাজারেই।
আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৯ দশমিক ৩৪ পয়েন্ট কমে উঠে এসেছে ৪৭০২ পয়েন্টে। গতকাল মঙ্গলবার ডিএসইএক্স সূচক ১৮ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে হয় ৪৭১১ পয়েন্ট।
ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৫৬০ কোটি ২৬ লাখ টাকা, যা গতদিনের চেয়ে প্রায় ১১ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫৭১ কোটি ৫৯ লাখ টাকা।
আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ডরিন পাওয়ার, গ্রামীণফোন, অ্যাকটিভ ফাইন্যান্স, সামিট পাওয়ার, বিডি থাই, স্কয়ার ফার্মা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড ও মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড।
ডিএসইতে আজ ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৫টির। অপরিবর্তিত ৪৫টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক কমেছে ২৩ দশমিক ২৯ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ১৫ লাখ টাকা, যা গতকালের চেয়ে কিছু কম। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩১ কোটি ৬৬ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৪৯টির, অপরিবর্তিত ৩৭টির।