সূচক ও লেনদেন কমেছে দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ডিএসইতে লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়ালেও গতকালের চেয়ে কমেছে। অপরদিকে সিএসইতে সূচক কমার পাশাপাশি গতকালের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণ।

এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে আজ দুই পুঁজিবাজারেই।

আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১১ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৮১ পয়েন্টে। মোট লেনদেন ছাড়িয়েছে ৬০৯ কোটি ৪৪ লাখ টাকা, যা গতদিনের চেয়ে ৩৫ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৪৪ কোটি ৮৮ লাখ টাকা।
আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো ডরিন পাওয়ার, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, আইটি কনসালট্যান্ট লিমিটেড, স্কয়ার ফার্মা, ফরচুন, অ্যাগ্রো ডেনিমস লিমিটেড, মিথুন নিটিং, তিতাস গ্যাস, আমান ফিড ও মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড। ডিএসইতে আজ ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬১টির। অপরিবর্তিত ৩৭টির দাম।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক কমেছে ২৪ দশমিক ৯৩ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪২ লাখ টাকা, যা গতদিনের চেয়ে ২ কোটি টাকা কম। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩৬ কোটি ৯৮ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৩০টির, অপরিবর্তিত ২৬টির।