সূচক ও লেনদেন কমেছে দুই শেয়ারবাজারে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার সূচক ও লেনদেন কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে আবারও সোয়া পাঁচ শ কোটিতে নেমে এসেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন নেমে এসেছে ৩৫ কোটি টাকায়।
এর আগে চার দিন ধরে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৬০০ কোটি টাকার ওপরে। সর্বশেষ গত রোববার ৬০৮ কোটি টাকার লেনদেন হয়।
এদিকে নির্ধারিত সময়ে সকালে লেনদেন শুরুর পর ডিএসইতে সূচক ছিল ঊর্ধ্বমুখী। একপর্যায়ে প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার ৭০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর ধরে রাখা সম্ভব হয়নি। ফলে দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৬৬৪ পয়েন্টে।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিদিনকার বাজার প্রতিবেদনে ডিএসইএক্সের ৪ হাজার ৭০০ পয়েন্টের অবস্থানকে ‘বাধা বা প্রতিবন্ধকতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, সূচকটি উল্লিখিত পয়েন্টে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে। ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ডিএসইএক্স সর্বশেষ গত বছরের অক্টোবরে ৪ হাজার ৭০০ পয়েন্টের ওপরে ছিল। এরপর থেকে সূচকটি আর ওই বাধা পেরোতে পারেনি।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, কখনো কখনো নির্ধারিত একটি অবস্থানকে কেন্দ্র করে সূচকের এই বাধা তৈরি হয়। সেটি কাটতে কিছুটা সময় লাগে। কিন্তু বাধা অতিক্রান্ত হলে সূচক বেশ কিছুদূর অগ্রসর হয়।
আইডিএলসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতকাল লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা সূচক ছিল ঊর্ধ্বমুখী। এ সময় লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম বাড়ে। আর তখনই বিক্রির চাপ বেড়ে যায়। এতে করে সূচক কমতে থাকে। বিক্রির চাপ বাড়ার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে কিছু শেয়ারে বিনিয়োগকারীরা লাভের মুখ দেখেছেন। সেই লাভ তুলে নিতেই হাতে থাকা সেসব শেয়ার বিক্রি করেন তাঁরা।
ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৫২৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮১ কোটি টাকা বা ১৩ শতাংশ কম। লেনদেনের বড় অংশজুড়েই ছিল প্রকৌশল এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি।
আইডিএলসির হিসাবে, ডিএসইর গতকালের মোট লেনদেনের প্রায় ১৭ শতাংশ ছিল প্রকৌশল খাতের। আর বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের প্রায় ১৫ শতাংশ।
ঢাকার বাজারে গতকাল ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৩টিরই দাম কমেছে, বেড়েছে ১০৭টির আর অপরিবর্তিত ছিল ৪৩টির দাম।
চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৩২টিরই দাম কমেছে, বেড়েছে ৭৮টির আর অপরিবর্তিত ছিল ৩৩টির দাম। দিন শেষে সিএসইতে ৩৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি টাকা কম। আর সেখানকার বাজারের সার্বিক সূচকটি কমেছে প্রায় ৩১ পয়েন্ট।