সূচক ও লেনদেন কমেছে দুই স্টক এক্সচেঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূচক ও লেনদেন কমেছে দুই স্টক এক্সচেঞ্জে
সূচক ও লেনদেন কমেছে দুই স্টক এক্সচেঞ্জে

সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় আজ বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক কমেছে। সেই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে। তবে শুরুতে ইতিবাচক প্রবণতায় লেনদেন চলে দুই স্টক এক্সচেঞ্জে।

ডিএসইতে সূচক কমেছে ২১ পয়েন্ট
দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৯৮৪ পয়েন্টে।
এর আগে আজ সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সকাল ১০টা ৫৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে যায়। তবে এর পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। গতকাল ডিএসইতে সূচক বেড়েছিল ৭০ পয়েন্ট।
আজ ডিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টির দাম বেড়েছে। কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৬৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫২ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৮৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে সূচক কমেছে ৮৩ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৩৭৮ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮১টির দাম বেড়েছে, কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে যমুনা অয়েল
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে যমুনা অয়েল। আজ প্রতিষ্ঠানটির ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো, আমরা টেকনোলজিস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বারাকাতুল্লাহ ইলেক্ট্রেরা ডায়নামিকস, আরএসআরএম স্টিল, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন প্রভৃতি।